যত কমই হোক অ্যালকোহল পান ক্ষতিকর: নতুন গবেষণা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 September 2018

যত কমই হোক অ্যালকোহল পান ক্ষতিকর: নতুন গবেষণা

যত কমই হোক অ্যালকোহল পান ক্ষতিকর: নতুন গবেষণা
স্বল্প পরিমাণে অ্যালকোহল তথা মদ্যপান স্বাস্থ্যের জন্য উপকারী বলে একটা ধারণা প্রচলিত আছে। কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে নতুন একটি গবেষণা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
কোনো পরিমাণে মদ্যপানই স্বাস্থ্যের জন্য নিরাপদ নয় বলে দেখা গেছে বিখ্যাত জার্নাল ল্যান্সেটে প্রকাশিত সাম্প্রতিক এই গবেষণায়।
২৪৩টি প্রতিষ্ঠানে ৫১২ জন বিজ্ঞানীর অধীনে ব্যাপক পরিসরের গবেষণায় এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা।
গবেষকরা এক হাজারেরও বেশি মদ সম্পর্কিত গবেষণা ও তথ্যসূত্র থেকে একটি ডাটাবেজ তৈরি করেছেন। এতে ১৯৫টি দেশের ১৯৯০ সাল থেকে ২০১৬ পর্যন্ত মৃত্যু ও পঙ্গুত্ব সম্পর্কে তথ্যও রয়েছে। মদ্যপান ২৩টি অসুখের ঝুঁকি বৃদ্ধিতে কতটা প্রভাব ফেলে তা খতিয়ে দেখতে এই তথ্য সংগ্রহ করেন তারা।
গবেষকরা দেখতে পান, যত কম পরিমাণেই মদ খাওয়া হোক, তা অসুখের ঝুঁকি বাড়িয়ে দেয়। একমাত্র মদ্যপান না করলে এই প্রভাব থেকে আপনি মুক্ত থাকতে পারবেন।
ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক ইমানুয়েলা গাকিডু এই গবেষণাপত্রের একজন অন্যতম সদস্য। তিনি বলেন, ‘যে কথাটা কেউ বিশেষ খেয়াল করে না, তা হলো কোনো পরিমাণে মদ্যপানই আপনার জন্য নিরাপদ নয়। দিনে একবার বা দুইবার মদ্যপান স্বাস্থ্যের জন্য ভালো এটা ভাবা এখন আর ঠিক নয়। আপনার জন্য যেটা সবচেয়ে ভালো তা হচ্ছে- মোটেও মদ্যপান না করা।’
গবেষণায় দেখা গেছে, ২০১৬ সালে বিশ্বের ২৮ লাখ মানুষ মদ্যপান জনিত কারণে মারা গেছেন। ১৫ থেকে ৪৯ বছর বয়সী মানুষদের ক্ষেত্রে বিভিন্ন শারীরিক সমস্যায় প্রধান ঝুঁকির কারণ হচ্ছে মদ্যপান।
বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মানুষ মদ্যপান করে থাকেন, যাদের জন্য এই গবেষণাটি বিশেষ গুরুত্বপূর্ণ। প্রচলিত ধারণা অনুযায়ী পরিমিত মাত্রায় মদ্যপান নিশ্চিতভাবেই স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু এখন স্বাস্থ্য সচেতন মানুষদের মদ্যপানের অভ্যাস নিয়ে নতুন করে ভাবতে হবে।
১৯৯০-এর দশকে ‘ফ্রেঞ্চ প্যারাডক্স’-এর উপর কয়েকটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এই ধারণা মানুষের মনে বদ্ধমূল হয়। ফরাসিরা প্রচুর তৈলাক্ত খাবার খেলেও তাদের হৃদরোগ কম হয়, এই বিষয়টি ‘ফ্রেঞ্চ প্যারাডক্স’ অভিহিত করা হয়। কয়েকটি গবেষণায় দেখা যায়, মদ্যপানের কারণে চর্বিযুক্ত খাবার শরীরের বেশি ক্ষতি করতে পারে না।
কিন্তু নতুন গবেষণাটি থেকে জানা যাচ্ছে, পরিমিত মদ্যপানে হৃদরোগের ঝুঁকি কমলেও অন্যান্য বহু স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পায় এবং এতে লাভের চেয়ে স্বাস্থ্যের ক্ষতিই হয় বেশি।
এসব ঝুঁকির মধ্যে রয়েছে স্তন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, স্ট্রোক, যক্ষ্মা, সহিংস মনোভাব, নিজের শরীরে আঘাত করা এবং গাড়ি দুর্ঘটনা।

No comments:

Post a Comment

Post Top Ad