চাঁদনী,পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বোর্ড গঠন প্রক্রিয়া সমাপ্ত। তার আগেই শুক্রবার দুপুরে জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি এবং দলনেতার নাম ঘোষণা করেন জেলা তৃণমূলের সভাপতি সাংসদ শিশির অধিকারী। সম্ভাব্য নামের তালিকা নিয়ে আগেই নিশ্চিত ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেইমতো শুত্রবার সকাল থেকেই বোর্ড গঠন ঘিরে উৎসব শুরু হয়ে যায় জেলার নানা জায়গায়।
জেলা পরিষদের নতুন সভাধিপতি হলেন কাঁথি ১ নম্বর ব্লক থেকে তৃণমূলের জয়ী প্রার্থী দেবব্রত দাস। তৃণমূলের জন্মলগ্ন থেকেই রয়েছেন দেবব্রতবাবু। আগের বার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী কর্মাধক্ষ্য ছিলেন। এবারও সহ-সভাধিপতি হয়েছেন নন্দীগ্রাম থেকে নির্বাচিত শেখ সুফিয়ান। নাম ঘোষণার পরই এ দিন দুপুর ১টা নাগাদ জেলা পরিষদের বোর্ড গঠন হয়। অতিরিক্ত জেলাশাসক সভাধিপতি-সহ অন্যান্যদের শপথবাক্য পাঠ করান। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মোট ৬০ টি আসনের মধ্যে ৬০ টি আসনেই এবার তৃণমূল কংগ্রেস জেতে।
এদিন দুপুরে শপথগ্রহণ অনুষ্ঠানে নতুন নির্বাচিত সভাধিপতি দেবব্রত দাস বলেন, এখানে একা কেউ সভাধিপতি নন। আমার ৬০ জন সদস্যের সবাই সভাধিপতি। একসঙ্গে উন্নয়নের কাজ করব আমরা।’’

No comments:
Post a Comment