নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে পাঁচ কোটি ফেইসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি হ্যাকারদের নজরে থাকা সম্ভাব্য প্রায় ৯ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘লগ আউট’ করে দেয় ফেইসবুক কর্তৃপক্ষ। কিন্তু নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, ফেইসবুক অ্যাকাউন্টের মাধ্যমে প্রবেশের সুযোগ থাকায় ছবি বিনিময়ের অ্যাপ ‘ইনস্টাগ্রাম’ ব্যবহারকারীদের তথ্যও হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। অর্থাৎ যেসব ফেইসবুক ব্যবহারকারীর তথ্য প্রকাশ পেয়েছে, তাদের অ্যাকাউন্টেও ঢুঁ মারতে পারে হ্যাকাররা। তবে হ্যাকারদের কবলে ইনস্টাগ্রামও পড়েছিল কি না তা এখনো জানা যায়নি।
‘ইনস্টাগ্রাম’ অ্যাপটির মালিকানাও রয়েছে ফেইসবুকের ঝুড়িতে। আলাদা পাসওয়ার্ডে প্রবেশের পাশাপাশি ফেইসবুক অ্যাকাউন্ট থেকেও সরাসরি প্রবেশ করা যায় অ্যাপটিতে। উল্লেখ্য, ফেইসবুকের ‘ভিউ অ্যাজ’ ফিচারের দুর্বলতা কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অজান্তেই তাদের অ্যাকাউন্টে প্রবেশ করে হ্যাকাররা। ব্যবহারকারীদের প্রফাইল বা পোস্ট করা তথ্য ও ছবি কারা দেখতে পারবে, তা নিয়ন্ত্রণ করে ফিচারটি। তবে ফেইসবুকের দাবি, ব্যবহারকারীর তথ্য প্রকাশ পেলেও অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড নিরাপদে আছে। চুরি করা তথ্য কাজে লাগিয়ে সহজেই ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারত হ্যাকাররা। এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

No comments:
Post a Comment