একবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছিলেন যে তিনি তার স্ত্রী ছাড়া অন্য কোনও নারীর সঙ্গে কখনও একা খেতে বসবেন না। এ নিয়ে তখন আলোচনা যেমন হয়েছে, তেমনি হয়েছে সমালোচনা। ইন্টারনেট ব্যবহারকারীরা একে মন্তব্য করেছেন ‘পুরনো ধ্যান-ধারণা’ বলে।
অথচ এবারের এক জরিপে দেখা গেল, মাইক পেন্সের সেই ‘পুরনো ধ্যান-ধারণাই’ পোষণ করে আধুনিক যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের ওই জরিপে দেখা গেছে, দেশটির বেশিরভাগ নারীই মাইক পেন্সের সঙ্গে একমত। আর ৪৫ শতাংশ পুরুষও তার সঙ্গে সহমত পোষণ করেন।
আর পুরুষের সঙ্গে একা ড্রিংক করতে চান না কোনও নারীই। শুধু ২৯ শতাংশ নারী চিন্তা করে যে একা একা কোনো পুরুষের সঙ্গে খেতে বসা কোনও সমস্যার বিষয় নয়। বাকিরা একে সমস্যাই মনে করেন।
মর্নিং কনসাল্টের সহায়তায় এই জরিপটিতে সাড়ে তিন হাজার মানুষ অংশ নিয়েছে। এর ফলাফলকে গ্রহণযোগ্য বলে মত দিয়েছেন ৬২ শতাংশ রিপাবলিকান। অন্যদিকে ৭১ শতাংশ ডেমোক্রেট বলেছে, এমনটা হতে পারে।
অবশ্য ধর্মীয়ভাবেও একা নারী-পুরুষ বসে খাওয়াটা গ্রহণযোগ্য কি না- এ নিয়ে বিপরীতধর্মী মতামত পাওয়া গেছে। দেখা গেছে, যারা বেশি শিক্ষিত তাদের কাছে এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যারা এখনও কলেজে পড়া শুরু করেনি, তাদের কাছে এমনভাবে খেতে বসার বিষয়টা গ্রহণযোগ্য নয়।
এ নিয়ে বিবিসির পাঠকরা তাদের মতামত দিয়েছেন। অস্ট্রেলিয়া থেকে মাইক পেন্সের উদাহরণ টেনে স্টিফেন বলেন, ‘তিনি তার বৈবাহিক জীবন ভালো রাখার চেষ্টা করছেন। তার সম্মান রাখছেন। এটা আসলেই বুদ্ধিমানের মতো চিন্তা। যে যুগে কিম কার্দেশিয়ানের মতো মডেলকে স্ট্যান্ডার্ড ধরা হয়, সেই যুগে মাইক পেন্সের এমন ভাবনা সত্যিই প্রশংসনীয়।’
যুক্তরাষ্ট্র থেকে মিখায়েল নামের একজন বলেছেন, ‘নিজেকে প্রশ্ন করুন, আপনি কি চান, আপনার সঙ্গী অন্য কারও সঙ্গে একা রাতের খাবার খেতে যাক? উত্তরটা হচ্ছে, না। তবে আপনি কেন যাবেন?’

No comments:
Post a Comment