গান্ধীজির জন্ম জয়ন্তীঃ সারা দেশজুড়ে স্বচ্ছতা অভিযান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 October 2018

গান্ধীজির জন্ম জয়ন্তীঃ সারা দেশজুড়ে স্বচ্ছতা অভিযান


মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে  সারা দেশজুড়ে কেন্দ্রীয় সরকার স্বচ্ছতা হি সেবা প্রকল্পের প্রচার অভিযান চালাচ্ছে ৷ তারও আগে স্বচ্ছতার প্রশ্নে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয়েই স্বচ্ছ ভারত মিশন ও নির্মল বাংলা প্রকল্প চালু করেছে ৷ স্বাধীনতার ৭১ বছর অতিক্রান্ত হওয়ার পর যে প্রকল্প নিয়ে জন সচেতনতা বাড়াতে কেন্দ্র ও রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে ৷ সেই প্রকল্পের বীজ আসানসোলের বুকে বপন হয়েছিল ১৯২২-১৯২৩ সালের মধ্যে ৷ আসানসোলের ঊষাগ্রাম বয়েজ হাইস্কুলে রেভারেণ্ড ফ্রেড. জি. উইলিয়ামের হাত ধরে গড়ে উঠেছিল রুরাল হোম স্যানিটেশন প্রকল্প ৷ ইতিহাসের পাতায় মাটির তৈরী ২৪ টি কটেজ নিয়ে গড়ে ওঠা খ্রিষ্টান রিলিজিয়াস মাইনরটি স্কুলের সেই সময় ছেলে ও মেয়েদের  পঠন- পাঠন বিভাগের নাম ছিল যথাক্রমে আশা বাড়ি ও সন্ধ্যা বাড়ি ৷ কাশীপুর রাজ পরিবারের দেওয়া জমির উপর ১৯০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারী এই স্কুল গড়ে উঠেছিল উইলিয়াম প্রাইস বায়ার্সের হাত ধরে ৷


 পরে এই স্কুলের দায়িত্ব নেন রেভারেণ্ড এফ জি উইলিয়াম ৷ তাঁর সময়কালকেই এই স্কুলের স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন বর্তমান স্কুল সেক্রেটারি রেভারেণ্ড মোজেস প্রসাদ ৷ তিনি জানিয়েছেন , রেভারেণ্ড এফ জি উইলিয়ামের সাথে সে সময় কবিগুরু রবীন্দ্রনাথের বেশ ভালো যোগাযোগ ছিল ৷  ১৯২২-২৩ সালে আসানসোলের বুকে নারী শিক্ষার প্রসার বা রুরাল হোম স্যানিটেশন প্রকল্পের পরিচয় পেয়ে রবীন্দ্রনাথ উদীয়মান সূর্যের সাথে মিল রেখে এই অঞ্চলের নাম দেন ঊষাগ্রাম ৷ সেই থেকেই আশা বাড়ি ও সন্ধ্যা বাড়ি স্কুলের নাম হয় ঊষাগ্রাম বয়েজ ও গার্লস স্কুল ৷ রবীন্দ্রনাথের কাছ থেকেই এই রুরাল হোম স্যানিটেশন প্রকল্পের খোঁজ পেয়েছিলেন মহাত্মা গান্ধী ৷ সাথে সাথেই সহযোগীতা চেয়ে চিঠি লিখেছিলেন রেভারেণ্ড এফ. জি . উইলিয়ামকে ৷ রেভারেণ্ড এফ জি উইলিয়াম ও তার সহকর্মী আইরিনের পাঠানো নীল নক্সার উপর ভিত্তি করে ১৯৩৫ সালে গান্ধীজির ওয়ার্ধার সেবাগ্রামে গড়ে উঠেছিল স্যানিটেশন প্রকল্প ৷ শুধু যে গান্ধীজির আশ্রম তাই নয় ; পরবর্তী ক্ষেত্রে অবিভক্ত বাংলা , বিহার , উত্তর প্রদেশ , দিল্লি , গুজরাট এমনকি সুদূর আমেরিকার মেক্সিকোতে ঊষাগ্রাম রুরাল হোম স্যানিটেশন প্রকল্পকে মডেল করা হয়েছিল ৷ ভাবতে অবাক লাগে , এই ভারতবর্ষেই স্বাধীনতার ৭২ বছরেও মানুষের হাতে ব্যবহৃত মোবাইলের চাইতে শৌচালয়ের সংখ্যা অনেক কম ৷ সেদিক থেকে বলা যেতেই পারে বর্তমানে সমগ্র ভারতের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পকে পথ দেখাচ্ছে আসানসোলের ঊষাগ্রাম বয়েজ হাইস্কুল ৷

No comments:

Post a Comment

Post Top Ad