বসিরহাটের সাম্প্রদায়িক হিংসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখলেন একাধিক প্রাক্তন বিচারপতি, ফৌজিকর্তা এবং আমলারা। ওই চিঠিতে স্পষ্টভাবেই বসিরহাটের সাম্প্রদায়িক হিংসার জন্য তৃণমূলকে দায়ী করা হয়েছে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ উচ্চপর্যায়ের তদন্তও দাবি করেছেন তাঁরা।প্রয়োজনে হাতে থাকা তথ্যের ভিত্তিতে আইনের পথেও যেতে চাইছেন তারা। সংবাদ সংস্থা এএনআই সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে লেখা ওই চিঠিতে বসিরহাটের পরিস্থিতির পিছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করা হয়েছে। হিন্দুদের এলাকাছাড়া করতেই পরিকল্পিত ভাবে হিংসা ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। লিখেছেন, ‘বিরোধী রাজনৈতিক দলের সমর্থকদের সন্ত্রস্ত ও খুন করার জন্য অনুপ্রবেশকারীদের মদতে এই কাণ্ড ঘটানো হয়েছে।’
(আরও পড়ুনঃদেশ ভাগের চক্রান্তের প্রতিবাদ করতে গিয়ে দুই বাঙালির রহস্য মৃত্যু হয়েছে দাবি জয়ের)
নিজেদের বক্তব্যের সমর্থনে একাধিক যুক্তিও দেওয়া হয়েছে চিঠিতে। জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী চেয়েও রাজ্য তা মোতায়েন না করাতে স্পষ্ট হয়েছে রাজ্য সরকারের মদতেই বসিরহাটে হিংসা হয়েছে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের অপদার্থতা প্রমাণিত হয়েছে বলেও উল্লেখ করেছেন তাঁরা।
হিংসায় সীমান্তের ওপারের অতি চরমপন্থী শক্তির মদত রয়েছে বলেও জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। লেখা হয়েছে, বসিরহাট ও সংলগ্ন এলাকা বাংলাদেশ সীমান্তের খুব কাছে। সেখানে এই পরিস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।’ চক্রান্তকারীদের বিচার ও আক্রান্তদের ক্ষতিপূরণের দাবি করেছেন তাঁরা।

No comments:
Post a Comment