হলদিয়া পৌরসভায়
ফের তৃণমূল কংগ্রেসই বোর্ড গঠন করবে বলে জানালেন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের
পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।রবিবার ভোটপর্ব শেষ হওয়ার পর তিনি বলেন, “২০০২, ২০০৭, ২০১২ সালে আমরা পরাজিত হয়েছিলাম। কিন্তু ২০১১ সাল থেকে
রাজ্য সরকারের উন্নয়নের ফলে তৃণমূলের বোর্ড গঠন হয়। গত সাড়ে তিন বছরে এলাকায় যা
উন্নয়ন হয়েছে, তাতে হলদিয়া পৌরসভায় এবারও আমরা
এককভাবে বোর্ড গঠন করব।”
তবে একক সংখ্যাগরিষ্ঠতার কথা বললেও ঠিক কতগুলি আসন তৃণমূল কংগ্রেস পাবে সেটা তিনি জানাননি। বলেন, “কত আসন নিয়ে তৃণমূল বোর্ড গঠন করবে তা এখনই বলছি না। ১৭ অগাস্ট সকলের কাছে তা পরিষ্কার হয়ে যাবে। হলদিয়া পৌরসভার ভোটে লড়ার জন্য আমি এখানকার ভোটার হয়েছি। সাংসদ, বিধায়ক থাকার জন্য ভোটের সময় এলাকায় থাকতে পারতাম না। আগে ২৬ নম্বর, বর্তমানে ২৯ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছি। শুধুমাত্র হলদিয়া পৌরসভার ভোটটা করার জন্য।”২০১২ সালে বামেরা হলদিয়া পৌরসভার বোর্ড গঠন করলেও পরে তা ধরে রাখতে পারেনি। ভোটে ২৬টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১১টি আসন পায়। ২০১৩-র সেপ্টেম্বরে বেশিরভাগ বাম কাউন্সেলর তৃণমূলে যোগ দিলে নতুন করে বোর্ড গঠন করে তৃণমূল। গতকাল হলদিয়া পৌরসভার নির্বাচন সমাপ্ত হয়েছে। মোট ২৯টি ওয়ার্ড রয়েছে পৌরসভায়। ২৯টি ওয়ার্ডে বিপুল জনসমর্থন নিয়ে তারাই যে ফের বোর্ড গঠন করবে, তা নিয়ে আশাবাদী তৃণমূল।
এবিষয়ে শুভেন্দু অধিকারীর আরও বক্তব্য, “হলদিয়া পৌরসভায় বিরোধী শূন্যভাবেই তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করতে চলেছে।”পাশাপাশি বিজেপি প্রার্থী জয় মল্লিক বলেন, “তৃণমূলের মহাজিত হতে চলেছে। কিন্তু এটা গণতন্ত্রের হার, সন্ত্রাসের জিত। তৃণমূল যা করল তা হলদিয়াবাসী প্রথম সাক্ষী থাকল। রাজ্যে যদি এই ধারা চলতে থাকে, তাহলে নির্বাচন কমিশনের উচিত রীতিনীতি পরিবর্তন করা।”

No comments:
Post a Comment