“পাহাড়ের আন্দোলনকে বন্ধ করতে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিচ্ছেন তা ঠিক নয়। পাহাড়ের মানুষ জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করছেন। কিন্তু, রাজ্য সরকার তাঁদের সঙ্গে এমন ব্যবহার করছে যেন তারা পঞ্জাবের টেরেরিস্টের থেকেও ভয়ংকর।” বিমল গুরুঙের বিরুদ্ধে রাজ্য সরকার লুকআউট নোটিস জারি করেছে। আর এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মুখ্যমন্ত্রীর জন্যই পাহাড়ের পরিবেশ ঠিক হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর হিম্মত থাকলে দার্জিলিঙের চকবাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় NIA তদন্ত করারও দাবি তোলেন। বলেন, “দার্জিলিঙে যারা আন্দোলন করছেন, তাঁদের নামেই রাজ্য সরকার কেস করছে। ওখানে বোমা বিস্ফোরণের পরে পাহাড়ের মানুষ NIA-কে তদন্ত করানোর দাবি জানিয়েছেন। কিন্তু, তাঁদের সেই দাবিকে গুরুত্ব দেননি মুখ্যমন্ত্রী। উলটে বোমা বিস্ফোরণের জন্য ওঁদেরকেই দায়ি করে কেস দিচ্ছেন। আসলে ওই বোমা বিস্ফোরণের ঘটনায় NIA-কে দিয়ে তদন্ত করানোর হিম্মত নেই মুখ্যমন্ত্রীর। আন্দোলনকারীদের বুঝিয়ে সমস্যা সমাধানের চেষ্টা না করে, দার্জিলিঙে যে ঘটনাই ঘটছে তাতে গুরুংকে দেশদ্রোহী সাজানোর চেষ্টা করছেন।”
তাঁর আরও অভিযোগ, “জামাত, SIMI ও আল কায়দা জঙ্গিরা রাজ্যে ঢুকে আছে। কিন্তু, তাদের একটাকেও গুলি করার হিম্মত নেই তৃণমূল সরকারের। উলটে পাহাড়ের আন্দোলনকারীদের, গোর্খা জনমুক্তি মোর্চা নেতাদের গুলি মারছে রাজ্য সরকারের পুলিশ। বসিরহাটে বিদেশি মৌলবাদীরা এসে দাঙ্গা বাঁধালেও রাজ্য সরকার কোনও ব্যবস্থা নেয়নি। কিন্তু, পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করছে। তবুও তাদের উপর অত্যাচার করছে রাজ্য সরকার।”
সংগৃহীত: ইনাডু
No comments:
Post a Comment