বাঁকুড়ার খাতড়া ব্লকের দেদুয়ার সরকারী জনসভায় মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি মূলত বিজেপিকে একহাত নিয়ে বলেন, ‘এমনিতে কারো কাছে ২ টাকা সাহায্য চাইলে দেয় না । কিন্তু ভোট এলেলেই ওরা টাকা বিলোয় । টাকা বিলিয়ে ভোট চায় । ওই তাকায় হাত দেবেন না । ওই টাকা পাপের টাকা । ওই টাকায় হাত দিলে শান্তি নষ্ট হবে । ওই টাকায় উগ্রপন্থী তৈরি হবে । জঙ্গলমহলে একইভাবে মাওবাদীরা শান্তি নষ্ট করেছিল’ ।
তিনি বলেন, ‘ দাঙ্গাকে প্রশ্রয় দেবেন না । আচমকা একটি রাজনৈতিক দল উঠে এসেছে । যারা দলিত হিন্দু , মুসলিম , আদিবাসী , তপশিলিদের মধ্যে ভাগাভাগির চেষ্টা করছে । ভুল বুঝবেন না । ওদের কথা বিশ্বাস করবেন না । ওরা চক্রান্ত করে । ওরা চক্রান্তকারী । বিজেপি দলের কথা বিশ্বাস করবেন না’ । গুজরাটে দলিতকে পিটিয়ে মারার ঘটনার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , ‘ গত ৬ বছর ধরে এরাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে তা অন্য কোনো রাজ্যে হয়না । গুজরাটে বড়লোকদের উৎসব দেখতে গিয়েছিল । সেখানে পিটিয়ে নমেরে দেওয়া হয়েছে । এখানেও বহু বাইরের লোক কাজ করতে আসেন । আমরা তাঁদের বাইরের লোক বলে ভাবি না । আমাদের কাছে সবাই সমান । বাংলা মানবিকতায় বিশ্বাস করে’ ।
শুধু বিজেপিকে আক্রমন করাই নয় এদিন মুখ্যমন্ত্রী গত ৬ বছর ধরে চলা পরিবর্তনের সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন । তিনি বলেন, ‘ একসময় আমি মেদিনীপুরের বেলপাহাড়িতে গিয়ে দেখেছিলাম সেখানের মানুষ পিঁপড়ের ডিম খেয়ে জীবন ধারন করেন । জিজ্ঞাসা করে জেনেছিলাম বছরে মাত্র দু’তিন মাস ভাত খেতে পান তাঁরা । আজ বাংলার অধিকাংশ পরিবার রেশনে দু’টাকা দরে চাল গম পান । এর জন্য রাজ্য সরকারকে বিপুল ভর্তুকি দিতে হয় । এছাড়াও রাজ্যের মানুষের জন্ম থেকে মৃত্যু অসংখ্য প্রকল্প চালু করা হয়েছে । পরিকাঠামো ক্ষেত্রেও বিপুল পরিবর্তন করা হয়েছে । নতুন নতুন হাসপাতাল , স্কুল , কলেজ , আই টি আই কলেজ , বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে । নতুন নতুন রাস্তা ঘাট তৈরি করা হয়েছে । কন্যাশ্রী থেকে সবুজ সাথীর মতো প্রকল্প আজ বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে । অধিকাংশ পর্যটন কেন্দ্রে হোম ট্যুরিজম চালুর চেষ্টা চলছে । কেন্দ্রের সরকারের টালবাহানার ফলে রাজ্যের আড়াই লক্ষ বয়স্ক মানুষ ভাতা পাচ্ছিলেন না । আমরা সেই সমস্যার সমাধান করে দিয়েছি । কেন্দ্র আইসিডিএস প্রকল্প তুলে দিতে চেয়েছিল । আমরা তা হতে দিই নি । বাঁকুড়া জেলায় ১১০০ কোটি টাকা খরচ করে ইতিমধ্যেই জল প্রকল্প তৈরি করা করা হয়েছে । আরো ১২০০ কোটি টাকার প্রকল্পের কাজ শিঘ্রই শুরু হবে । রাজ্যে ২৬৬৮ কোটি টাকা খরচ করে বন্যা নিয়ন্ত্রন ও সেচের ব্যাবস্থা করা হচ্ছে । বাঁকুড়া , পুরুলিয়া , বীরভূম ও পুরুলিয়া জেলায় ৫০০ কোটি টাকা দিয়ে চেক ড্যাম প্রকল্প তৈরি করা হচ্ছে । আজকেই সাড়ে ২৩ হাজার মানুষের হাতে পরিসেবা তুলে দেওয়া হল । আমি চলে যাওয়ার পরও এই উন্নয়ন যেন থমকে না যায় ।

No comments:
Post a Comment