চাঁদনী, দিঘা:এক দিকে জানা-অজানা শতাধিক সামুদ্রিক মাছের প্রদর্শনী, আর অন্য দিকে মৎস্য রসিকদের রসনার পরিতৃপ্তির জন্য প্রায় ৩০ থেকে ৩৫ রকমের সামুদ্রিক মাছের রান্না করা হাতে গরম পদ। দিঘা মোহনায় গঙ্গোৎসব উপলক্ষে প্রতিবারের মতো এ বারও বুধবার থেকে শুরু হয়েছে দিঘা মোহনায় ‘দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে শুরু হয়েছে ‘সি ফুড ফেস্টিভ্যাল’। বুধবার এর উদ্বোধন করেছিলেন প্রাক্তন সমবায় মন্ত্রী বিধায়ক জ্যোতির্ময় কর । অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান , “১৩০ রকমের সামুদ্রিক মাছের প্রদর্শনী ছাড়াও ৩০-৩৫ রকমের মাছের রান্না করা বিভিন্ন পদ পাওয়া যাবে। এগুলির দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যে।”মৎস্য প্রিয় বাঙালির কাছে ইলিশ, তপসে, ভোলা, রুলি,তাপড়া, ফিতা, কাগজা, পমফ্রেট সামুদ্রিক মাছের তালিকায় এসব খুবই পরিচিত নাম । দেখা-খাওয়া দুই-ই হয়েছে অনেকেরই।
কিন্তু চরকট, খোরট, সুরুশট,ব্যান্ডেড, গ্রোপার, স্নেপ্যার ফিশ, গুরজাল, ভূত মাছ,লবস্টার এই সব নাম শোনা হলেও অনেকেরই সৌভাগ্য হয়নি চোখে দেখার। ইচ্ছে থাকলেও দেখার সুযোগ মেলে না সব সময়। কারণ, এসব মাছের অধিকাংশই দুষ্প্রাপ্য। তবে, আগামী কয়েক দিন পর্যন্ত ফেস্টিভ্যালের যে কোনও দিন সন্ধেয় দিঘা মোহনায় আসতে পারলেই হয়তো আপনিও চাক্ষুষ করতে পারবেন এই সব জানা-অজানা শতাধিক প্রজাতির সামুদ্রিক মাছ। সেই সঙ্গে গাঁটের সামান্য কড়ি খসাতে পারলেই পেয়ে যেতে পারেন এক্কেবারে টাটকা এবং তাজা ৩৫ প্রজাতির মাছের গরম গরম স্বাদ। স্বাদ গ্রহণে খরচ লাগলেও সামুদ্রিক মাছের দর্শন অবশ্য মিলবে পুরোপুরি নিখরচায়। আর এই সী ফুড ফেস্টিভাল পর্যটক দের কাছে এক আলাদা আকর্ষন। মূলত সাধারন মানুষ ও পর্যটকদের কাছে এই সব সামুদ্রিক মাছ এর সমন্ধে জানানো ও চোখে দেখার সুযোগ করে দেওয়ায় পর্যটকরা বেজায় খুশি।

No comments:
Post a Comment