চাঁদনী,পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরে শুরু হল জেলা লোক-সংস্কৃতি ও যাত্রা উৎসব। নন্দকুমারের বাসুদেবপুর মহারাজা নন্দকুমার হাইস্কুল মাঠে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার দুই সাংসদ শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী,জেলাশাসক রশ্মি কমল, জেলাসভাধিপতি মধুরিমা মন্ডল, সহ সভাধিপতি শেখ সুফিয়ান প্রমুখ। ৩ দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। জেলার লোক আঙ্গিকের একাধিক অনুষ্ঠানের সঙ্গে প্রতিদিনই রয়েছে যাত্রা অনুষ্ঠান। উৎসব উদ্বোধনের পরই সরকারি বিভিন্ন প্রকল্পে রূপায়নে লোকশিল্পীদের ভূমিকার কথা তুলে ধরে তাঁদের ভূয়সী প্রশংসা করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন," লোকশিল্পীদের ভাতা দিয়ে মুখ্যমন্ত্রী বাংলায় একটি ঐতিহ্য গড়েছেন। দেশের অন্য কোনও রাজ্যে এই ভাতার ব্যবস্থা নেই। আমাদের চিরাচরিত ঐতিহ্য বাউল, ঝুমুর, যাত্রা এসবকে রক্ষা করতেই এমন উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী।
শিল্পীদের এই ভাতা নিয়ে কম রাজনীতিও হয়নি। কিন্ত আমরা থেমে থাকিনি। বর্তমান সরকার ২ লক্ষ ১০ হাজার লোকশিল্পীকে ভাতা দেয়। ভাতার পাশাপাশি সরকারের বিভিন্ন প্রকল্পের সফল রূপায়নে যুক্ত করা হচ্ছে লোকশিল্পীদের। আর এই শিল্পীদের মাধ্যমে সরকারি প্রকল্পগুলি সফলতা লাভ করেছে। এর জন্য আমরা শিল্পীদের কাছে কৃতজ্ঞ।'' অনুষ্ঠানে শুভেন্দু লোকশিল্পীদের কাছে সমাজের কল্যাণে সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে প্রচারে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন," স্বামী বিবেকানন্দ সব সময় মানুষের কথা বলেগেছেন। তিনি সনাতন হিন্দু ধর্মের প্রচার করেছেন। "গীতা"-তেও অন্য ধর্মকে আঘাতের কথা বলে নেই। বর্তমান পরিস্থিতিতে লোকশিল্পীদের সম্প্রীতির মেলবন্ধন ঘটাতে এগিয়ে আসতে হবে।" লোক-সংস্কৃতি উৎসব উদ্বোধনের পর শুভেন্দু বাসুদেবপুর স্কুলেই উদ্বোধন করেন ৩ দিনের শ্রমিক মেলার। এই দুই কর্মসূচির আগে এদিন শুভেন্দু যোগদান করেন নন্দকুমার থানা আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এবং হলদিয়ার চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের বিবেকানন্দের জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে। সেখানে দেশের হৃতসংস্কৃতিকে ফিরিয়ে আনতে বিবেকানন্দের নীতি-আদর্শকে অনুসরণ করার আহ্বান জানান তিনি।এদিন সন্ধেয় শঙ্করপুরে গঙ্গোৎসবের সূচনাও করেন শুভেন্দু।ছবি- নন্দকুমারে লোক-সংস্কৃতি ও যাত্রা উৎসবের উদ্বোধনে মন্ত্রী শুভেন্দু অধিকারী, দুই সাংসদ সহ অন্যান্যরা।

No comments:
Post a Comment