রাণীগঞ্জে ভোট বয়কটের ডাক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 12 March 2018

রাণীগঞ্জে ভোট বয়কটের ডাক



জয়ন্ত সাহা, আসানসোল: রাণীগঞ্জের এগরা গ্রাম পঞ্চায়েতের আমখোলা গ্রামে ৮৫০জন ভোটার৷অথচ এই গ্রামে আজ পর্যন্ত পানীয় জলের ব্যবস্থা নেই,নেই পি-এইচ-ইর পক্ষ থেকে কোনো জলের লাইন৷পানীয় জলের জন্যে এখনো দূরবর্তী গ্রামের প্রতি নির্ভরশীল অথবা প্রয়োজনে গ্রামের লোকের কাছ থেকে চাঁদা করে ট্যাঙ্কারে জল কিনে আনা৷ শুধু তাই নয়,রাস্তার ধারে ইসিএলের বদান্যতায় যে দু চারটি জলের কল দেখা যায়—তাতে জল নেই৷মাসে এক আধ দিন জল এলেও তা সুপেয় নয়৷সেই জল পান করলেই শরীরে অসুস্থতার লক্ষণ ধরা পড়ে!


গ্রামে আজ পর্যন্ত কোনো বিদ্যুৎ সংযোগ নেই৷কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি জেলার অবস্থান হওয়ায় তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে গ্রামের অধিবাসীদের। একই সাথে রাত্রি নিকষ কালো চাদরে ঢাকা পড়ে গ্রাম৷ইসিএল বিদ্যুৎ সরবরাহ করে কোথাও কোথাও দয়াপরবশ। তবে দিনের বেশির ভাগ সময়ে সেখানে লাইন থাকেনা৷রাস্তা ও নিকাশি ব্যবস্থার হাল খুব খারাপ৷দীর্ঘদিন কোনো সংস্কার নেই৷গরমের শুরুতেই পুকুর গুলি শুকিয়ে যাওয়ায় গ্রামের মানুষদের স্নান করতে যেতে হয় নুনি নদীতে৷যা আদতে এই শহর শিল্পাঞ্চলের নিকাশি ব্যবস্থার বড় নালা !শহর গ্রাম জুড়ে রাজ্য সরকারের নির্মল বাংলা বা কেন্দ্রের স্বচ্ছ ভারতের প্রচার থাকলেও নেই কোনো শৌচাগার৷ একবিংশ শতাব্দীতে পৌঁছেও শিল্পাঞ্চলের এই গ্রাম ও গ্রামের অধিবাসীরা পরিষেবার দিক থেকে পড়ে রয়েছে মধ্যযুগে৷তাই পরিষেবার দাবিতে সোমবার গ্রামের পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামের অধিবাসীরা৷জানিয়েছেন,গুলি বোমা বা পুলিশি অত্যাচারেও তারা আর ভোট দিতে রাজি নন৷অবিলম্বে তাদের প্রাপ্য পরিষেবাগুলি সুনিশ্চিৎ করতে হবে৷এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের সাথে কথা বল্লে তিনি জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷

No comments:

Post a Comment

Post Top Ad