শ্রমিক বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 16 March 2018

শ্রমিক বিক্ষোভ



চাঁদনী, হলদিয়া: প্রায় ৭ বছর ধরে চলছে কারখানাটি। কিন্তু প্রথম দিন থেকে এখন পর্যন্ত বেতন কাঠামোর কোনও পরিবর্তন হয়নি। সেই সঙ্গে শ্রমিকদের ন্যূনতম সুযোগ সুবিধে দেওয়া হয়না বলেও অভিযোগ। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে হলদিয়ার জেভিএল নামের একটি ভোজ্য তেল কারখানার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকেরা। কারখানার কাজ বন্ধ রেখে এদিন প্রতিবাদে সামিল হয়েছেন তাঁরা। শ্রমিকদের দাবী, দ্রুত কারখানা কর্তৃপক্ষ সমস্যা সমাধানে উদ্যোগী না হলে আন্দোলনের তীব্রতা আরও বাড়ানো হবে।



সূত্রের খবর, হলদিয়ার দেভোগ মৌজায় রয়েছে এই জেভিএল নামের ভোজ্য তেল উৎপাদনকারী সংস্থার কারখানা। বছর ৭ আগে কারখানাটি উৎপাদন শুরু করার পরেই খুব তাড়াতাড়ি সেটি সম্প্রসারণও হয়। ফলে বর্তমানে কারখানাটিতে প্রায় ১২০০ শ্রমিক কাজ করেন। কিন্তু শ্রমিকদের অভিযোগ, প্রথম দিন থেকেই কারখানার শ্রমিকরা বঞ্চনার শিকার হয়েছেন। পিএফ, ইএসআই, সময় মতো বেতন না দেওয়া, নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি বা শ্রমিক সেফটি কোনওটাই ঠিকভাবে দেখা হয়না বলে অভিযোগ। সম্প্রতি এই কারখানার তেলের ট্যাঙ্ক ফেটে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। শুধুমাত্র সেফটির অভাবেই শ্রমিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের।



বিক্ষোভরত শ্রমিক সেখ সাবির, বিশ্বজিৎ হাজরা, লক্ষ্মীকান্ত পাত্রদের অভিযোগ, কারখানায় শ্রমিক ইউনিয়ন না থাকার সুযোগে কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী বেতন কাঠামো নিয়ে কোনও আলোচনার উদ্যোগ নেয়নি। ন্যূনতম সুবিধে থেকে শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার কারখানার গেটে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। খবর পেয়ে ভবানীপুর থানা থেকে পুলিশ এসে আলোচনার মাধ্যমে মিটিয়ে দিতে চাইলেও শ্রমিকরা নিজেদের দাবীতে অনড় থেকে কাজে যোগ দেননি। এরপরেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বিষয়ে না দেখলে বড়সড় আন্দোলনে সামিল হবেন তাঁরা।

No comments:

Post a Comment

Post Top Ad