মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা:চারদফা দাবিতে বুধবার ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশনে সামিল হলেন ৩০০ অ্যাম্বুলেন্স চালক। অল বেঙ্গল অ্যাম্বুলেন্স অপারেটর ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচী নেওয়া হয়েছিল। এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায়ের হাতে ডেপুটেশন তুলে দেন ইউনিয়নের নেতৃবৃন্দ। ডেপুটেশনের পর দেবাশিস রায় বলেন,‘ অ্যাম্বুলেন্স চালকদের আবেদন পেয়েছি। বর্তমানে রাজ্য সরকার যে পরিষেবা শুরু করেছে তা উন্নতমানের। আশা করছি এই অ্যাম্বুলেন্স চালকরা বঞ্চিত হবেন না।’
ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার অধীন ৩০০ অ্যাম্বুলেন্স আছে। এতদিন ১০২ টোল ফ্রি নম্বরে ফোন করলে রোগীরা এই পরিষেবা পেতেন। এবং সেই পরিষেবা বাবদ প্রতি কিমি ৮ টাকা করে পায় অ্যাম্বুলেন্স চালকরা। কিন্তু সম্প্রতি হায়দ্রবাদের একটি বেসরকারি সংস্থার সঙ্গে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে একটি চুক্তি হয়। সেই চুক্তির ফলে ১০২ নম্বরটি ওই সংস্থার সঙ্গে লিঙ্ক করা হয়েছে। ফলে এতদিন ধরে পরিষেবা দিয়ে আসা অ্যাম্বুলেন্স চালকরা সমস্যায় পড়েছেন। এমনকি অনেকেই ভাড়া পাচ্ছেন না। সংগঠনের রাজ্য সভাপতি উৎপলেন্দু দাস বলেন,‘ হায়দ্রাবাদের ওই সংস্থার কোন পরিষেবা এ রাজ্যের প্রয়োজন নেই। আমরা প্রতি কিমিতে ৮ টাকা পাই। অথচ ওই সংস্থা প্রায় ১৮ টাকায় এই পরিষেবা দিচ্ছে। আমরা হাইকোর্টের দারস্থ হয়েছি। রাজ্যজুড়ে আমাদের প্রতিবাদ চলবে।

No comments:
Post a Comment