আসানসোল,জয়ন্ত সাহা: সংগ্রামের জীবন জীবিকার এক দৃষ্টান্তমূলক দৃশ্য দেখতে পাওয়া গেল জামুড়িয়া বাজারে। শহর আসানসোল থেকে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে। এই বাজারেই দেখা মিলল রুকসানা শেখের। সংসার চালাতে, পরিবার বাঁচাতে বেছে নিয়েছেন টায়ার পাংচার সারাইয়ের কাজ। সচরাচর গায়ে গতরে খেটে যে কাজ পুরুষরা করে, সেই কাজ অবলীলায় করে দিচ্ছেন রুকসানা। স্কুটার, মোটর সাইকেল থেকে শুরু করে বড় লরি। টায়ার খোলা। তাকে সারানো। আবার গাড়িতে লাগানো। বেশ পরিশ্রমের কাজ। কিন্তু গত ৩৫ বছর ধরে এভাবেই পরিশ্রম করে সংসারের ছাতা হয়ে আছেন রুকসানা।
রুকসানারা মোট ৭ ভাই বোন।চারবোন, তিন ভাই। রুকসানাই বড়। পড়াশোনা চলছে তার। হঠাৎই বাবা মারা যায়। ছোটো ছোটো ভাইবোনদের কী হবে, সংসারই বা চলবে কী করে? সেসব ভেবেই রুকসানা মাত্র ১৬ বছর বয়সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন, বাবার টায়ারের দোকান তিনি নিজেই চালাবেন। সেই শুরু রুকসানার সংগ্রামের। রুকসানার বিয়ে হয়। তখন স্বামীর ইচ্ছেয় কিছুদিন বন্ধ থাকে এই কাজ। একটি ছেলে ও মেয়ের জন্মও দেন রুকসানা। কিন্তু ফের কালো আঁধার জীবনে। অকালে হারাতে হয় স্বামীকেও। বাধ্য হয়ে আবারও সেই কাজেই ফিরতে হয়। ভাই বোন ও নিজের সন্তানদের পড়াশোনা করাতে। সংসার চালাতে।


No comments:
Post a Comment