মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বজবজ ভাগাড় মাংসকান্ডে কল্যাণী থেকে গ্রেপ্তার প্রাক্তন বাম কাউন্সিলর। বুধবার রাতে নদীয়ার কল্যাণীর 'এ' ব্লক থেকে বজবজ থানার পুলিশ মানিক মুখার্জী নামের প্রাক্তন বাম কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে। তিনি বাম আমলে কল্যাণীর গয়েশপুর পুরসভার কাউন্সিলর ছিলেন। তাঁর বিরুদ্ধে এই চক্রকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিন পুলিশের চারটি দল অভিযান চালাচ্ছে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। পুলিস জানতে পেরেছে এই চক্রে শহর ও শহরতলির বড় বড় ব্যবসায়ীরাও রয়েছেন। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া, সোদপুর প্রভৃতি জায়গার এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে।
বুধবার আলিপুর আদালতে অভিযুক্তদের তোলার পর তাদের ৫ জনের পুলিস হেপাজত হয়েছে। রাতেই তাদের বজবজ থানায় নিয়ে এসে পুলিশ জেরা করেছে। তাতেই মানিক মুখার্জীর নাম উঠে এসেছে। ধৃতদের মধ্যে গোলাম মহম্মদ ওরফে লাম্বা, সানি মালিক, মহঃ ফিরোজ, ইয়ং চাই হাসিও, সারাফাত হোসেন সক্রিয় ছিল। সারাফাত মৃত পশুর মাংস কাটার কাজে ওস্তাদ ছিল। তবে গোটা দলকে পরিচালনা করত সানি মালিক। এদিন ডায়মন্ডহারবার পুলিস জেলার আধিকারিকরা জানান, ঘটনায় বহু মানুষের যোগাযোগের কথা জানা গেছে। তাদের ধরতে তল্লাসি চলছে। অন্যদিকে, এদিন মানিক মুখার্জীকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

No comments:
Post a Comment