চাঁদনী, মহিষাদল: শনিবার মনোনয়ন প্রত্যাহের শেষ দিন। তার আগেই মনোনয়ন প্রত্যাহার করার জন্য রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর বাড়ি ভাঙ্গচুর ও প্রার্থীর দেওরকে অপহণের অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের ইটামগরা - গ্রামপঞ্চায়েতের কাপাসএড়্যা এলাকায়। বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল।
এলাকায় তৃণমূল প্রার্থী রমা দাসের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন নবমী মান্না গুছাইত।অভিযোগ, শুক্রবার রাত দেড়টা নাগাদ তৃণমূলের প্রায় ১৫/১৬ জন দুষ্কৃতী বিজেপির প্রার্থী নবমী মান্না গুছাইতের বাড়িতে এসে হামলা শুরু করে। বাঁশের বেড়া দেওয়া মাটির বাড়ি ভাঙ্গচুর শুরু করে। বাড়ির দরজা ভেঙে লাঠি সোটা নিয়ে বাড়ির ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় থাকা প্রার্থীর দেওর অর্জুন গুছাইতকে তুলে নিয়ে যায়। দুষ্কৃতীরা একটি মারুতি ও বেশ কয়েকটি মোটরবাইকে করে চম্পট দেয়। বাড়ির লোকের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসার আগেই দুষ্কৃতীরা প্রার্থীর দেওরকে তুলে নিয়ে চলে যায়। যাওয়ার সময় হুমকি দিয়ে যায় প্রার্থীপদ প্রত্যাহার না করলে খুন করে দেবে। শনিবার সকালে মহিষাদল থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের পক্ষ থেকে। মহিষাদল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে সকাল ১১ টা পর্যন্ত পুলিশ কাওকে গ্রেপ্তার করতে পারেনি।
অভিযোগ অস্বীকার করে স্থানিয় তৃণমূল নেতা রামকৃষ্ণ দাস বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তৃণমূলকে কালিমা লিপ্ত করার জন্য এই ধরনে অভিযোগ তুলে প্রচারের আলোয় আসতে চাইছে।

No comments:
Post a Comment