গুড়-বাতাসার পর মুড়ি-চানাচুর। ২০১৬ বিধানসভা নির্বাচন বীরভূমে ভোটারদের গুড় বাতাসা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সৌজন্যে ছিলেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ২০১৮ পঞ্চায়েত নির্বাচনেও একই ছবি দেখা গেল ঝাড়গ্রামে। তবে এবার গুড় বাতাসা নয়। ভোটারদের দেওয়া হল মুড়ি-চানাচুর। অভিযোগ, বিজেপি-র তরফে এই মুড়ি চানাচুর বিলি করা হচ্ছে।
ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েত এলাকার ঢেঁকিপুরা বুথে মুড়ি চানাচুর বিলির এই ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা গেছে, এক যুবক ভোটারদের মুড়ি ও চানাচুর দিচ্ছেন। অভিযোগ, বিজেপি-র তরফে ভোটারদের মুড়ি-চানাচুর দেওয়া হচ্ছে।
ঢেঁকিপুরা বুথে ভোটারের সংখ্যা ১৫৮৭জন। যার মধ্যে বেশিরভাগ লোধা ও শবর সম্প্রদায়ের। ভোট দিয়ে বেরিয়ে আসার পর মুড়ি চানাচুর খাচ্ছিলেন লাল্টু ও ফুলমণি শবররা। তাঁরা বলেন, “আমরা গরিব মানুষ। শুনলাম, ভোট দিলে বাবুরা মুড়ি-চানাচুর দিচ্ছেন। তাই সকাল সকাল ভোট দিতে চলে এলাম। মুড়ি-চানাচুর খেয়ে কাজে বের হব।”
যদিও বিষয়টি নিয়ে বিজেপি-র তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

No comments:
Post a Comment