শাহরুখের একটি বক্তব্য থেকেই তা পরিষ্কার বোঝা যায়। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে’ ছবির শুটিং চলার সময় শাহরুখ বলেছিলেন, ‘প্রতিটি ছবিতেই আমি কাজলের শূন্যতা অনুভব করি। এ ছবিতে ও আমাদের সঙ্গে ১৫০ দিন কাজ করেছে। এর জন্য ওকে তার সন্তানদের কাছ থেকে দূরে থাকতে হয়েছিল। আমি জানি, মা-বাবার জন্য এটা বড় ধরনের উৎসর্গ।’
শাহরুখ খান ও কাজলের এ বন্ধুত্বের খবর জানা থাকলেও তাদের সম্পর্কের শুরুটা যে ভালো ছিল না তা হয়তো অনেকেরই অজানা। এবার বন্ধুত্বের শুরুর দিকের তিক্ততার কথা নিজেরাই প্রকাশ করলেন শাহরুখ ও কাজল।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে শাহরুখ জানান, এ জুটির প্রথম ছবি ‘বাজিগর’-এর অভিজ্ঞতার কথা। তিনি বলেন, ‘‘আমি যখন কাজলের সঙ্গে ‘বাজিগর’ ছবিতে কাজ করছি তখন আমির আমাকে ওর কথা জিজ্ঞেস করেছিল। আমির বলছিল কাজলের সঙ্গে কাজ করতে চায়। আমি আমিরকে বললাম, ও (কাজল) খুব বাজে কাজ করে, কোনও ফোকাস নেই, এর সঙ্গে কাজ করা যাবে না।’’
তবে একইদিন বিকেলেই কাজলের ব্যাপারে তার ধারণা পাল্টে যায় বলে জানান শাহরুখ। তিনি বলেন, ‘আমি পরে আমিরকে ডেকে কাজলের সম্পর্কে ধারণাকে স্পষ্ট করলাম। আমি বললাম, ‘আমি জানি না কী হলো এটা। কিন্তু ও পর্দায় খুব চমৎকার।’
শাহরুখের সঙ্গে প্রথম দিককার সম্পর্ক নিয়ে স্মৃতিচারণ করলেন কাজলও। ‘বাজিগর’ ছবির শুটিংয়ের সময়কার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে পড়ে, শুটিং সেটে শাহরুখ ও অন্য অভিনেতারা খুব অপ্রীতিকর ছিলেন। আমি মারাঠি ভাষায় ওর মেকআপ ম্যানকে বকাবকি করতাম। তারা বলতো, আমার কথা মাথা ছেদ করে যাচ্ছে। শাহরুখ রাগী ছিল। কিন্তু আমি বকবক করেই যেতাম। শেষ পর্যন্ত শাহরুখ বলতো, দয়া করে তুমি এবার থামবে.....থামো। আমি মনে করি, এভাবেই আমরা বন্ধু হয়ে উঠেছি।’
কাজলের কথা শুনে তাকে একটু খোঁচা দেওয়ার চেষ্টা করলেন শাহরুখ। বললেন, ‘এতো বছরেও কাজল পাল্টায়নি। এখনও তাকে বলতে হয়, চুপ করো।’
এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাক্ষাৎকারে কাজলের কাছে জানতে চাওয়া হয়, গত ২০ বছরে তারা পাল্টেছেন কিনা। জবাব কাজল বলেছিলেন, ‘আমরা ভালো অভিনয় শিল্পী এবং বলা যায়, ভালো মানুষ হয়েছি। আমি সবসময বলি, শাহরুখ সেরা অভিনেতাদের একজন। আজ আমরা তা দেখতে পাচ্ছি। তার সঙ্গে কাজ করা আনন্দের ও শিক্ষণীয়।’
শাহরুখ-কাজলের ভক্তরা শুনে আনন্দিত হবেন যে, এখন তারা খুবই ভালো বন্ধু। মেয়ে সুহানাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তাকে প্রায়ই কাজলের কাছে নিয়ে যান শাহরুখ।
কাজল সম্পর্কে বলতে গিয়ে শাহরুখ বলেন, ‘কাজল একজন সৎ অভিনেত্রী। আর এটা তার বড় গুণ। আমার মেয়ে সুহানা অভিনেত্রী হতে চায় এবং আমিও তাকে শেখাতে চাই। আমি আশা করি, কাজল সে শিক্ষা দিতে পারবে। আমি ঠিখ বোঝাতে পারব না। পর্দায় কাজল আসলেই অন্য কিছু।’
সর্বশেষ রোহিত শেঠি ‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখ-কাজলকে একসঙ্গে দেখা গিয়েছিল।



No comments:
Post a Comment