প্লাস্টিকের সাপ নয়। যাত্রায় অভিনয়ের সময় একেবারে বিষধর সাপ নিয়ে হাজির অভিনেত্রী। আর সেই সাপের ছোবলে মৃত্যু হল তাঁর। মৃতের নাম কালীদাসী মণ্ডল। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বরুণহাটের। সাপের ছোবলে অসুস্থ ওই মহিলাকে হাসপাতালে নিয়ে না গিয়ে ঘটনাস্থানে উপস্থিত ওঝা ৪ ঘণ্টা ধরে ঝাড়ফুঁক করে। তার জেরেই কালীদাসীকে বাঁচানো যায়নি বলে পরিজনদের অভিযোগ।
গতরাতে মনসাপুজো উপলক্ষ্যে মনোরঞ্জন দাসের বাড়িতে যাত্রা হয়। প্রত্যেক বছরই সেখানে মনসামঙ্গল পালা হয়। এতদিন প্লাস্টিকের সাপ নিয়ে অভিনয় করতেন কালীদাসী মণ্ডল। কিন্তু, এবার দর্শকদের চমকে দিতে হাড়োয়া থেকে দুটি বিষধর সাপ নিয়ে আসেন তিনি। একটি কেউটে, অন্যটি গোখরো। গতরাতে অভিনয়ের সময় তাঁর সঙ্গে ছিল ওঝা দয়াল বিশ্বাস।
একটি দৃশ্যে হাতে গোখরো সাপ জড়িয়ে ভিক্ষা করছিলেন কালীদাসী মণ্ডল। সেইসময় সাপটি তাঁর হাতে ছোবল মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার কথা উঠলে ওঝা বলে, কিছু হবে না। এরপর নিজেই ঝাড়ফুঁক শুরু করে। কেটে যায় প্রায় ৪ ঘণ্টা। আস্তে আস্তে নেতিয়ে পড়েন মহিলা। তখন স্থানীয়রা তাঁকে হিঙ্গলগঞ্জ ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানেই মারা যান তিনি। চিকিৎসকরা বলেন, চিকিৎসায় দেরির কারণে মৃত্যু হয়েছে মহিলার।
মৃতের পরিজনরা বলেন, সংসার চালাতে যাত্রাপালায় গান করতেন কালীদাসী। গতরাতে সাপে কামড়ানোর পরও ওঝা হাসপাতালে নিয়ে যেতে দেয়নি। ওঝার শাস্তি দাবি জানান তাঁরা।

No comments:
Post a Comment