গণনাকেন্দ্রে ব্যবহার করা যাবে না মোবাইল। ছাড় শুধু অবজারভার রিটার্নিং অফিসারদের। আজ এই নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। ভোটগণনার আগের দিন গণনা নিয়ে জারি হল আরও একগুচ্ছ নির্দেশিকা। কাল সকাল থেকেই গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি হয়ে যাবে ১৪৪ ধারা। সকাল আটটায় শুরু হবে ভোটগণনা। ন’টা থেকেই জানা যাবে ভোটের ফলাফল। গ্রাম পঞ্চায়েত স্তরের ফলাফল জানা যাবে দুপুর দু’টোর মধ্যে।
রাত পোহালেই ভোটগণনা। জানা যাবে নবম পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। তৈরি প্রশাসন। নির্বাচন কমিশনও তৈরি। গোটা রাজ্যে ৩৩০টি কেন্দ্রে চলবে ভোটগণনা। কমিশন সূত্রে খবর, সাড়ে সাতটায় খোলা হবে স্ট্রং রুম। সকাল আটটা থেকে শুরু হবে ভোটগণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েতে গণনা চলবে। তারপর পঞ্চায়েত সমিতি। সবশেষে গণনা হবে জেলা পরিষদের। কমিশনের নির্দেশ, একেকটি স্তরের ভোটগণনা শেষ হয়ে যাওয়ার পরই অন্যস্তরের ভোটগণনা শুরু করা যাবে। প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে ২০টি করে টেবিল। গণনার সময় থাকবে ভিডিওগ্রাফির ব্যবস্থা।
কমিশনের নির্দেশ, গ্রাম পঞ্চায়েত স্তরের গণনার ক্ষেত্রে টেবিলে থাকতে পারবেন শুধু প্রার্থী কিংবা তাঁর নির্বাচনী এজেন্ট। সমিতি এবং জেলা পরিষদের ক্ষেত্রে প্রার্থী, এজেন্টের সঙ্গে থাকতে পারবেন গণনা এজেন্ট। গ্রাম পঞ্চায়েতের গণনার ক্ষেত্রে দুই থেকে তিন রাউন্ডের বেশি করা যাবে না। দ্রুততার সঙ্গে গণনা শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন।
এদিকে গণনা চলাকালীন বিজয় মিছিলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। অতীতে দেখা গেছে বিজয় মিছিল থেকে অশান্তি ছড়ায় বিভিন্ন এলাকায়। অতীতের সেই শিক্ষা থেকেই কমিশনের তরফে এমন নির্দেশ দিয়েছেন কমিশনার। নির্বাচন কমিশনার এ কে সিং এ বিষয়ে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইনশৃঙ্খলাকে।

No comments:
Post a Comment