পূর্ব-ভারতের মধ্যে প্রথম হৃদয় প্রতিস্থাপিত হতে চলেছে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। দিলচাঁদ সিং (৪০) নামে এক ব্যক্তির শরীরে হৃদয় প্রতিস্থাপন করা হবে। সোমবার সকালে ব্যাঙ্গালুরু থেকে বিমানে করে হৃদয় কলকাতায় আনা হয়। এরপর সেটি গ্রিন করিডরের মাধ্যমে বিমানবন্দর থেকে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।স্বাস্থ্য দপ্তরের তরফে জানা গেছে, বেঙ্গালুরুতে বাইক দুর্ঘটনার কবলে পড়েন বরুণ ডি কে (১৮) নামে এক যুবক। গতকাল তাঁর ব্রেন ডেথ হয়। বরুণের পরিবার সিদ্ধান্ত নেয়, বরুণের হৃদয় দান করা হবে। হৃদয় দান করা যাবে এমন রোগীর খোঁজ শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। বরুণ বেঙ্গালুরুর যে হাসপাতালে ভরতি ছিলেন সেই হাসপাতালের শাখা রয়েছে কলকাতায়। কলকাতা শাখায় চিকিৎসাধীন রয়েছেন বলাইচাঁদ সিং। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। দিলচাঁদ সিংয়ের হৃদপিণ্ড প্রতিস্থাপনের প্রয়োজন রয়েছে। সেইমতো বেঙ্গালুরু ও কলকাতার দুই হাসপাতাল বরুণের হৃদপিণ্ড দিলচাঁদের শরীরে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয়। হাসপাতালের তরফে কথা বলা হয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে। স্বাস্থ্য দপ্তর সবরকম সাহায্যের আশ্বাস দেয়। সবুজ সংকেত পাওয়ার পর আজ সকালে বেঙ্গালুরু থেকে কলকাতায় আনা হয় হৃদপিণ্ডটি। স্বাস্থ্য দপ্তরের তরফে খবর, বিধাননগর পুলিশ কমিশনারের সঙ্গে গতকাল গ্রিন করিডরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রিন করিডর হল এমন একটি ব্যবস্থা যেখানে অঙ্গবাহী যানটিকে রাস্তায় ট্র্যাফিকের কারণে আটকে থাকতে হবে না। ওই গাড়িটি যে পথে আসবে সেই পথের সব সিগন্যাল গ্রিন থাকবে। বিমানবন্দর থেকে বাইপাসের ওই নার্সিংহোমে গ্রিন করিডরের মাধ্যমে আসে হৃদপিণ্ডটি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, হৃদয় প্রতিস্থাপনে ঘণ্টা তিনেক সময় লাগবে। প্রতিস্থাপনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। গ্রিন করিডরের ব্যবস্থার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্র: ইনাডু

No comments:
Post a Comment