নবান্নে প্রশাসনিক বৈঠকে উঠে এল ভাগাড় প্রসঙ্গ। মুখ্যসচিবের নেতৃত্বে কমিটিও গড়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি চান, ফুল প্রুফ মেকানিজম। আর তারপরই নির্দ্বিধায় মাংস খাওয়ার কথা ঘোষণা করবেন তিনি।
মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে সব দপ্তরের সচিবরাই ছিলেন। সেখানে ভাগাড় নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, “মুখ্যসচিবের নেতৃত্বে আমরা হাইপাওয়ার কমিটি করে দিয়েছি। কমিটিতে থাকছেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, স্বাস্থ্যসচিব, পুর ও নগরোন্নয়ন সচিব, প্রাণীসম্পদ বিকাশ সচিব, খাদ্যসচিব এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিবও। ভাগাড় নিয়ে বেশ কিছুদিন ধরে খবর মিলছে। মানুষ তো ভয়ে এখন মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। আমরা চাই এটার একটা ফুল প্রুফ মেকানিজ়ম হোক। যাতে মানুষও স্বাচ্ছন্দ্য অনুযায়ী খাবার খেতে পারে। যে যেটা ভালোবাসে খেতে।” এরপর তিনি বলেন, “প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা ফুল প্রুফ মেকানিজ়ম করে দেওয়ার পরই আমরা মানুষকে জানাব, এই অ্যাকশনগুলো নিয়েছি। আপনারা এবার নির্দ্বিধায় মাংস খেতে পারেন।” ভাগাড় ইশুতে পুলিশের কাজে খুশি মুখ্যমন্ত্রী। বলেন, “এটা শুধুমাত্র বাংলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পুলিশ অনেক ভালো কাজ করেছে। চিকেন সম্বন্ধে যে সমস্যা ছিল তারও সমাধান করে দেওয়া হয়েছে।”
পঞ্চায়েত নির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধি লাগু হওয়ায় নতুন কোনও কাজে হাত দেওয়া যাচ্ছে না। তাও কাজ ফেলে রাখতে রাজি নন মুখ্যমন্ত্রী। আজ বৈঠকে এই প্রসঙ্গ তুলে ধরেন তিনি। পরে বলেন, “যে কাজগুলি আগে থেকেই চলছিল সেগুলো এখনও চলছে। নির্বাচন ঘোষণার পর প্রায় ৩৭ দিন হয়ে গেল। কাজ যাতে অবহেলা না হয় তা দেখা হবে। কোড অফ কনডাক্ট শেষ হয়ে গেলেই নতুন কাজ করতে হবে।ডিপিআর তৈরি ও সমস্ত প্ল্যানিংয়ের বিষয়ে মিটিংয়ে আলোচনা হয়েছে।”

No comments:
Post a Comment