সোমবার নির্বাচন মিটে যাওয়ার পরেও চাপা উত্তেজনার রেশ কাটছে না অনেক এলাকাতেই। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের ভুপতিনগর থানা এলাকায় সোমবার রাতে বোমা বাঁধতে গিয়ে ২ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে।
মৃত দুই ব্যক্তির নাম গোকুল বারুই (৪৮) ও গোকুল মেইকাপ (৪৫)। এঁরা দু'জনেই স্থানীয় উত্তর বরোজ গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার জেরে নির্বাচন পরবর্তী সংঘাতের আশংকায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর, গ্রামের মধ্যেই মৃত গোকুল বারুইয়ের একটি মাছের ভেড়ি রয়েছে। সেখানেই সোমবার রাত্রি প্রায় ৯-৩০টা নাগাদ ঝুপড়ির মধ্যে বোমা বাঁধতে গিয়ে তা বিস্ফোরণে উড়ে যায় ঝুপড়ি সহ দুই জন । ঘটনাটি জানতে পেরে আশেপাশের ভেড়ীর লোকেরা গুরুতর আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে মুগবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার মৃতদেহ দুটিকে নিয়ে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি কি ভাবে এই ঝুপড়ির মধ্যে বোমা বিস্ফোরণে দু'জনের মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment