নিজস্ব সংবাদদাতা : সামনে অল্প রানের লক্ষ্য রেখেছিলো প্রতিপক্ষ। কিন্তু সেই রান করতেই যেন দম বন্ধ হয়ে আসছিলো চেন্নাই সুপার কিংস এর। কিন্তু জয়ের লক্ষ্যে অবিচল ছিলেন ক্যাপ্টেন কুল। তাই ডোয়েন ব্র্যাভোকে সঙ্গী করে অবশেষে দলকে জয়ের রাস্তায় নিয়ে যান মাহি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিরতি লীগের ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করে চেন্নাই সুপার কিংস।
এবছরের আই পি এলের প্রথম লীগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আজ ছিল দ্বিতীয় লীগের ম্যাচ। এই ম্যাচেও আরো একবার ভেঙে পড়ল কোহলি ব্রিগেড। একমাত্র পার্থিব প্যাটেল ছাড়া কেউই সেই অর্থে রান করতে পারেননি। আজ মনন ভোরার বদলে নামানো হয়েছিল পার্থিবকে। ৪১ বলে তিনি ৫৩ রান করেন। ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি এবং এবি ডি’ভিলিয়ার্স।টিম সাউদি (৩৬) ছাড়া কেউই দু’অঙ্কের চৌকাঠ স্পর্শ করতে পারেননি। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বোলিংটা ভালো হয়নি চেন্নাই সুপার কিংস এর। কিন্তু এদিন ম্যাচের শুরু থেকেই নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তোলেন কোহলিরা।
দ্বিতীয় ইংসের শুরুতে অবশ্য ব্যাট হাতে ঝড় তুলতে পারেননি শেন ওয়াটসন (১৪ বলে ১১ রান)। তবে ভালো শুরু করেন অম্বাতি রায়াডু (৩২) এবং সুরেশ রায়না (২৫)। তাঁরাই জয়ের মঞ্চটা প্রস্তুত করে দিয়ে যান। সেই মঞ্চকে কাজে লাগিয়েই ধোনি এবং ব্র্যাভো চেন্নাইকে জয়ের রাস্তা দেখান। অবশেষে ১২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় চেন্নাই। ম্যাচের শেষে ২৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন ধোনি। অন্যদিকে, ১৭ বলে ১৪ রান করেন ব্র্যাভো। এই ম্যাচে জয়ের ফলে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে রইলো চেন্নাই সুপার কিংস।

No comments:
Post a Comment