নিজস্ব সংবাদদাতা: পাল্টে গেল পোশাক, বদলে গেল পরিচয়। ভোটের গুঁতোয় সিভিক ভলেন্টিয়ার হয়ে গেল সিভি কমব্যাট। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে জলপাইগুড়ি কোতয়ালী থানার প্রায় ১৫জন সিভিক ভলান্টিয়ার কে নিয়ে স্পেশাল সিভি কমব্যাট বাহিনী তৈরি করা হয়েছে। দুদিন আগেই থানায় খাকি পোশাকের পুলিশ কর্মীদের কাজে সহায়তা করতে দেখা যেত যাদের, ধূসর পোশাকের এক কোনায় লেখা থাকতো সিভিক ভলেন্টিয়ার। কখনো চৌরাস্তার মোড়ে ট্র্যাফিক সামলাতে ব্যস্ত, আবার কখনো শহরের ব্যস্ততম বাজারের নিরাপত্তার দ্বায়িত্ব সামলাতে দেখা যেত যাদের। ভোটের গেঁড়োয় সেই সিভিক ভলেন্টিয়ারদের রাতারাতি পাল্টে গেল পোশাক, সেই সঙ্গে পরিচয়ও। সম্পূর্ণ কালো পোশাকে মুখ ঢেকে আজ তারাই হয়ে উঠলো সিভি কমব্যাট। ভোটের আগে পুলিশের সাথে স্পর্শকাতর এলাকায় ঘুরে ঘুরে নিরাপত্তা নিশ্চিত করতে এবার থেকে দেখা যাবে এই সিভিক ভলান্টিয়ার, থুড়ি সিভি কমব্যাটদের।
বুধবার জলপাইগুড়ি শহরের সদর ব্লকের বাহাদুর, খড়িয়া, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় টহল দিতে দেখা গেল এই নব্য সিভি কমব্যাটদের। জলপাইগুড়ি কোতয়ালী থানার আইসি বিশ্বাশ্রয় সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিনের বাহিনীতে উপস্থিত ছিলেন। আইসি বিশ্বাশ্রয় সরকার জানান, পুলিশ সুপারের নির্দেশেই আমরা সিভিকদের দিয়ে একটা কমব্যাট ফোর্স তৈরি করেছি। পঞ্চায়েত নির্বাচনের দিন পর্যন্ত গ্রামের বিভিন্ন এলাকায় এই বাহিনী টহল দেবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে।


No comments:
Post a Comment