নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যে ঘোষিত হয়েছে এ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। আগামী ১৪ই মে ভোট হচ্ছে ধরে নিয়ে আগাম প্রস্তুতিতে নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসন। যদিও কমিশনের একাধিক ভুল পদক্ষেপকে হাতিয়ার করে আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধীরা। আজ ৪ঠা মে বিরোধীদের করা নিরাপত্তা সংক্রান্ত মামলার রায় ঘোষণা করতে পারে আদালত। তবে তার আগে ভোটের নিরপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ভোটকর্মীরা। প্রশ্ন তুলছে রাজ্যবাসীও।
একদিনে রাজ্যের ৫৭ হাজারের বেশি বুথে ভোট করতে হলে দরকার আড়াই লক্ষের বেশি ভোটকর্মী। কিন্তু মনোনয়ন জমার শুরু থেকে যেভাবে রক্তাক্ত হয়েছে এ রাজ্য তাতে নির্বাচনে অশনি সংকেত দেখছেন ভোটকর্মীরা । কমিশনও চিন্তিত ভোটকর্মীদের নিরপত্তা নিয়ে। এবারের নির্বাচনে তাই ভোটকর্মীদের জন্য বীমা ঘোষনা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোট পরিচালনা করতে গিয়ে কোনো কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। গুরুতর আহত ব্যক্তিকে ১০ লক্ষ এবং সামান্য আহত হলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
আর এই ক্ষতিপূরণ দেওয়া কেন্দ্র করে নানামহল থেকে প্রশ্ন উঠছে। ভোটকর্মীদের দাবি তবে কি এবারের নির্বাচনে আগে থেকেই গন্ডগোলের আশঙ্কা করছে কমিশন। ক্ষতিপূরণ দিলেই কি পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব? প্রশ্ন তুলেছেন কেউ কেউ। কয়েকজন আবার একধাপ এগিয়ে খোদ কমিশনারকেই ভোটকেন্দ্রে যাওয়ার কথা বলছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটকর্মীদের জন্য কমিশন কি ব্যবস্থা নেয়, সেদিকে তাকিয়ে রাজ্যবাসী।

No comments:
Post a Comment