নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ফের মুর্শিদাবাদের এক যুবককে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হল। নাম আশিক মণ্ডল। বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে।এর আগে মুর্শিদাবাদেরই রেজিনগরের বাসিন্দা সফিকুল শেখকে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি ভর্তি করা হয়েছিল। সফিকুল বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। তাঁরই মতো আশিকও কেরালার এর্নাকুলামে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে গিয়েছিলেন। ২৫ দিন আগে জ্বর নিয়ে ডোমকলের বাড়িতে ফেরেন আশিক। আশিকের চাচা আরসাফুল মণ্ডল জানান, চিকিৎসক জানিয়েছেন রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।
এদিকে জানা গেছে, নিপা ভাইরাস সন্দেহে যে কোনও ব্যক্তি হাসপাতালে ভরতি হলে, তাঁর বিষয়ে বিস্তারিত রিপোর্ট স্বাস্থ্যভবনে পাঠাতে হবে।
প্রসঙ্গত, বুধবার সফিকুলকে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করা হয়েছিল। তবে সফিকুল এখন আগের থেকে ভালো আছে। হাসপাতালের সব ওয়ার্ডে বিশেষ সর্তকতা জারি করেছে কর্তৃপক্ষ। কিন্তু সফিকুলের ঠিক কী হয়েছে সেবিষয়ে ডাক্তাররা এখনও কিছু জানাতে পারেননি।

No comments:
Post a Comment