আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে। ওই ম্যাচে গোল দিতে না পারায় লিওনেল মেসি সমালোচনায় বিদ্ধ হয়েছেন। আর শিশুসুলভ গোল খেয়ে সমালোচিত হচ্ছেন উইলি ক্যাবায়েরো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবাক করা গোল খাওয়া নিয়ে হাসি-তামাসা, রাগ-ক্ষোভ ঝাড়ছেন ভক্তরা। অনেকে মজা করে প্রশ্ন করছেন, রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার স্মৃতি মনে রাখবো কিভাবে? উত্তর আসছে ক্যাবায়েরোর গোল খাওয়ার ভিডিও দেখে!
ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা হারলেও আইসল্যান্ড-নাইজেরিয়া মেসিদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার শেষ সুযোগ দিয়েছে। নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনা দলে বড় পরিবর্তন দেখা যেতে পারে। তার মধ্যে শুরুর একাদশে সার্জিও আগুয়েরোর না থাকার সম্ভাবনা বেশি। আর গোলবারের নিচে পরিবর্তনটাও জরুরি হয়ে পড়েছে আর্জেন্টিনার জন্য। আগুয়েরোর বদলে হিগুয়েইন মাঠে নামবেন এটা এক প্রকার নিশ্চিত। কিন্তু ক্যাবায়েরোর বদলে কাকে মাঠে নামাবে আর্জেন্টিনা? সে বিষয়ে এখনো অবশ্য কিছু খোলসা করে জানানো হয়নি।
বয়স, অভিজ্ঞতা, ক্লাব বিচারে এখনও আর্জেন্টিনা দলের গোলরক্ষক হিসেবে এগিয়ে উইলি ক্যাবায়েরো। তবে তার বয়সটাও একটা ব্যাপার। তিনি তো আর 'বুফন' নয় যে ৩৬ বছর বয়সেও চোখ ধাঁধাঁনো কিছু করে দেখাবেন। মৌসুম জুড়ে চেলসির ব্যাক আপ গোলরক্ষক হিসেবে খেলেছেন ক্যাবায়েরো।
চলতি মৌসুমে মাত্র ৩ ম্যাচে চেলসির গোলবারের নিচে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন তিনি। ২০১৪-১৭ সাল পর্যন্ত ছিলেন ম্যানসিটির গোলরক্ষক। সেখানে তিনি খেলতে পেরেছেন মাত্র ২৩ ম্যাচে। অর্থাৎ ক্লাবে ক্যাবায়েরো ৪ বছরে খেলেছেন মাত্র ২৬ ম্যাচ।
ক্যাবায়েরো যদি নাইজেরিয়া ম্যাচে সুযোগ না পান তবে গোলবারের নিচে দেখা যেতে পারে ফ্রাঙ্কো আরমানিকে। তার বয়স হয়েছে ৩১ বছর। তবে জাতীয় দলের জার্সি এখনো গায়ে চাপানো হয়নি। গোলরক্ষক হিসেবে দলে সুযোগ পাওয়ার জন্য বয়সটা বেশ মানান সই। ক্লাবে মোটামুটি তিনি নিয়মিত। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে তিনি চলতি বছরে খেলেছেন ১৪ ম্যাচ। তবে কলম্বিয়ান ক্লাব অ্যাথলেটিকো ন্যাশিওনালে ২০১০-১৮ মৌসুমে তিনি খেলেছেন ১৩৫ ম্যাচ।
এরপর দলে সুযোগ পেতে পারেন নাহুয়েল গুজম্যান। খেলেন মেক্সিকোর ক্লাব 'টাইগার্স ইউএএনএলে'। তবে আর্জেন্টিনা দলে যে তিনজন গোলরক্ষক আছেন তার মধ্যে সবচেয়ে নিয়মিত ক্লাবে সুযোগ মিলেছে গুজম্যানের। ২০১৪ সাল থেকে খেলছেন মেক্সিকান ক্লাবে। সেখানে চার বছরে খেলে ফেলেছেন ১৫৮ ম্যাচ। জাতীয় দলের জার্সি পরেও অবশ্য মাঠে নেমেছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন ছয় ম্যাচ যা ক্যাবায়েরোর (৫) থেকেও এক ম্যাচ বেশি।
এখন দেখার বিষয় আর্জেন্টিনা তাদের গুরুত্বপূর্ণ ম্যাচে গোলবার সামলানোর জন্য কাকে বেছে নেয়। আর্জেন্টিনা দলে গৃহ বিবাদের যে কথা শোনা গেছে তা একেবারে উড়িয়ে দেওয়ার নয়। আর্জেন্টিনা মিডফিল্ডার মাশ্চেরানো জানিয়েছেন, তাদের কোচ নিয়ে কোন সংকট নেই। সবই ঠিক আছে। কিন্তু রোববার দলের সংবাদ বিজ্ঞপ্তিতে উপস্থিত ছিলেন না হোর্হে সাম্পাওলি। তাই গুঞ্জন অনুযায়ী, গোলবারের নিচে মেসিরা যাকে চান তিনিই হয়তো দায়িত্বটা পালন করবেন।

No comments:
Post a Comment