টাকার বিনিময়ে কলেজে ভর্তির নামে প্রতারণার অভিযোগ উঠল। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, কলকাতার সিটি কলেজে টাকা নিয়ে ছাত্র ভর্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অভিযুক্তকে সিটি কলেজের ছাত্ররাই আটক করে। পরে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে।
পুলিশ সূত্রে খবর, শুভজিৎ পাল নামে এক ছাত্র দিন কয়েক আগে ফেসবুকে একটি পোস্ট দেখেন। সেখানে লেখা ছিল ইচ্ছুক ছাত্রছাত্রীদের যে কোনও কলেজে ভরতির ব্যবস্থা করে দেওয়া হবে। পোস্টটি করেছিল জনৈক বৃন্দা ভট্টাচার্য। তার সঙ্গে যোগাযোগ করেন শুভদীপ। বৃন্দা দাবি করে, সে টেকনো ইন্ডিয়ার পড়ুয়া। তার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও সেটাই লেখা রয়েছে। সে দাবি করে, টাকার বিনিময়ে ৯৯ শতাংশ কলেজে ম্যানেজমেন্ট কোটায় যে কোনো বিষয়ে ছাত্রছাত্রীদের সে ভর্তি করিয়ে দিতে পারবে। জেনেরাল স্ট্রিম ছাড়াও ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি,BBA, BCA তেও ভরতির সুযোগ মিলবে। বিষয়টি নিয়ে সন্দেহ হয় শুভজিতের। সে ৬ জন ছাত্রকে সিটি কলেজে ভর্তি করে দেওয়ার জন্য টাকার টোপ দেয় বৃন্দাকে। বৃন্দা তখন শুভজিতের সঙ্গে আলাপ করিয়ে দেয় গুণান্বিতা সিংহ এবং রণ রায় নামে দুজনের। ঠিক হয় ওই ছয় ছাত্রের মার্কশিটের অরিজিনাল কপি এবং মোট টাকার অর্ধেক দিতে হবে বৃহস্পতিবার। সেগুলি নেবে রবীন দাস নামে এক ব্যক্তি।
কিন্তু ভর্তির জন্য কত টাকার ডিল হয়েছিল? এ প্রসঙ্গে সিটি কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অর্কনীল দাস বলেন, " শুভজিৎ-এর থেকে জেনেছি, বিষয় হিসেবে দর ঠিক হয়েছিল। বিষয় পিছু টাকার অঙ্কটা ছিল ৬০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজারের মধ্যে।"

No comments:
Post a Comment