পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে যে সন্ত্রাস চলেছে তাকেই এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করতে চলেছে রাজ্য বিজেপি। নির্বাচনী সন্ত্রাসকে সামনে রেখে শাসকদলের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বৃহস্পতিবার দিল্লিতে কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৫ জুন দেশের সব রাজ্যের রাজধানীতে বাংলায় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে চলা সন্ত্রাসের বিরুদ্ধে সরব হবেন সংশ্লিষ্ট রাজ্যের বিজেপি নেতা-কর্মীরা। প্রতি রাজ্যে বঙ্গ বিজেপি-র তরফে একজন করে নেতা থাকবেন। এরপর ২ জুলাই দিল্লির রাজঘাটে ধর্না কর্মসূচি পালন করবে বঙ্গ বিজেপি। সেখানে উপস্থিত থাকবেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, শমীক ভট্টাচার্য সহ দলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীরা। ধর্না মঞ্চে নিয়ে যাওয়া হবে নির্বাচন সংক্রান্ত হিংসার ঘটনায় নিহতদের পরিবার পরিজনকে। থাকবেন আক্রান্ত কর্মীরাও। ওইদিন সকলকে নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছেও যাওয়া হবে বলে জানা গেছে। এছাড়া, ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত রাজ্যের সব জেলায় থানা ঘেরাও কর্মসূচি পালন করবে রাজ্য বিজেপি।


No comments:
Post a Comment