শুরু হতে চলেছে দ্বিতীয় বেঙ্গালুরু বেঙ্গলি কন্নড় ফিল্ম ফেস্টিভাল ২০১৮। আগামী ৮-১০ জুন চলবে এই ফেস্টিভাল। সবমিলিয়ে ১৭ টি ছবি দেখানো হবে এই ফেস্টিভালে। যার মধ্যে ১৩টি বাংলা ও ৪টি কন্নড় ভাষার ছবি। গান্ধীভবন ও চামুণ্ডেশ্বরী স্টুডিওতে প্রদর্শিত হবে ছবিগুলি। আয়োজক বেঙ্গালুরু সত্যজিৎ রায় ফিল্ম সোসাইটি।
এই বছর ফেস্টিভালের বিশেষ আকর্ষণ ট্রিবিউট টু সত্যজিৎ রায়। দেখানো হবে সন্দীপ রায় পরিচালিত শর্ট ফিল্ম ভক্ত, অভিনেত্রী, চিলেকোঠা, ট্যালিউড তারিণীখুড়ো। এছাড়া দেখানো হবে বড় পরদার ছবি রয়্যাল বেঙ্গল রহস্য, সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত ডকু ফিল্ম Feluda 50 years on Rays Detective।
ছবির প্যানেল ডিসকাশনে থাকবেন সন্দীপ রায়, সব্যসাচী চক্রবর্তী, সাগ্নিক চট্টোপাধ্যায়, শিলাদিত্য সেন। ফেস্টিভালে অংশ নেবেন ধৃতিমান চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, আই ছবির পরিচালক দেবেশ চট্টোপাধ্যায়, অন্দরকাহিনী’র পরিচালক অর্ণব মিদ্যা, সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ, চিত্রকর ছবির পরিচালক শৈবাল মিত্র ও প্রযোজক প্রণব কান্তি পুরকায়স্থ, অরণ্যদেবের পরিচালক দেবাশিস সেন শর্মা, পিউপার পরিচালক ইন্দ্রাশিস আচার্য, আলিফা ছবির পরিচালক দীপ চৌধুরী ও প্রযোজক আরমান আহমেদ, রেনবো জেলি ছবির পরিচালক সৌকর্য ঘোষাল সহ আরও অনেকে। ফেস্টিভালের উদ্বোধনের দিন দেখানো হবে আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ছবি আসা যাওয়ার মাঝে। চারটি কন্নড় ছবি হল রাজকুমার, ওণ্ডূ মোট্টেয়া কাথে, হেবেটরামকাক্কা, কর্মাবতারা।
১৭টি ছবি বাছাইয়ের দায়িত্বে ছিলেন চিত্র সমালোচক প্রেমেন্দ্র মজুমদার, শিলাদিত্য সেন, শৈবাল চট্টোপাধ্যায় এবং ফেস্টিভালের ডিরেক্টর মধুশ্রী সেনগুপ্ত। তিনি জানান, “গতবছর আমরা ব্যাপক সাড়া পেয়েছি। অসংখ্য বাঙালি দর্শক আমাদের হল হাউজ়ফুল করে তুলেছিলেন।”

No comments:
Post a Comment