ঝাড়গ্রাম জেলার আটটি ব্লকের বিডিও-দের বদলি করল রাজ্য সরকার।মঙ্গলবার নবান্নর তরফে নির্দেশিকা দিয়ে একথা জানানো হয়েছে। ব্লকগুলি হল ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর ১, গোপীবল্লভপুর ২, জামবনি, বিনপুর এক ও দুই, নয়াগ্রাম ও সাঁকরাইল ব্লক। এই আটটি ব্লকের মধ্যে গোপীবল্লভপুর ১ ও সাঁকরাইল পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে। এছাড়াও বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের বিডিও-কে বদলি করা হয়েছে।
বদলির কারণ কি ? সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে না পৌঁছানোর অভিযোগ উঠছে। সেই কারণে জেলার সব ব্লকের বিডিও-দের বদলি করা হয়েছে। পঞ্চায়েত ভোটে শাসকদলের খারাপ ফলের কারণ পর্যব্ক্ষণ করতে গিয়ে এই ছবি সামনে এসেছে। ওয়াকিবহাল মহলের মতে, সরকারি কাজ প্রচারে বিডিও-দের একটা বড় ভূমিকা আছে। কিন্তু, জেলার ব্লক অফিসাররা সেই ভূমিকা ঠিকমতো পালন করেননি।
অপর একটি মহল জানাচ্ছে, লোকসভা ভোটের আগে জঙ্গলমহলে ঘর গোছাতে চায় তৃণমূল। তাই প্রশাসনিক ও দলীয় সবস্তরে পরিবর্তন আনছে তারা। এর আগে দলীয় স্তরে পরিবর্তন আনে তৃণমূল। পাশাপাশি জেলার দলীয় নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠকও করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তিনি বলেন, “নেতাদের একাংশের মধ্যে জনসংযোগের অভাব ছিল।”
পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলায় বিজেপি-র উত্থানই কি ব্লক স্তরে এই রদবদলের কারণ ? ২০১৬ সালে বিধানসভা ভোটে ঝাড়গ্রাম জেলায় তৃণমূলের ভোট ছিল ৫৬ শতাংশ। সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে তৃণমূলের ভোটের হার হয়েছে ৪৭ শতাংশ। অন্যদিকে ওই এলাকায় বিজেপি-র প্রাপ্ত ভোটের হার ৩৮ শতাংশ। ২০১৬ সালে যা ছিল ১৪ শতাংশ।

No comments:
Post a Comment