পায়ে পড়বে বল। মেতে উঠবে আট থেকে আশি। চিৎকার হবে, রোনাল্ডো-রোনাল্ডো। কোথাও আবার মেসি-মেসি। নেইমারও বা পিছিয়ে কোথায় ? পিছিয়ে নেই জার্মানি, স্পেনও। প্রস্তুতি তুঙ্গে। এবার পায়ে বল পড়ার অপেক্ষা। কাউন্টডাউন শুরু হয়েছে। রাশিয়া বিশ্বকাপের উদ্বোধন আর কয়েক ঘণ্টার অপেক্ষা।
বৃহস্পতিবার দেশের সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ২১-তম FIFA ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে মস্কোর লাঝনিকি স্টেডিয়ামে। লাঝনিকি রাশিয়ার জাতীয় এবং সবচেয়ে বড় স্টেডিয়াম। আসন সংখ্যা ৮১ হাজার। ফাইনাল ম্যাচও হবে এই স্টেডিয়ামে।
উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, নেইমার জুনিয়র, মেসুট ওজ়িল, মহম্মদ সালাহ সহ আরও অনেকে। টুর্নামেন্টের অফিশিয়াল সং “লিভ ইট আপ”-এ পারফর্ম করবেন মার্কিন অভিনেতা উইল স্মিথ, মার্কিন গায়ক নিকি জ্যাম। এছাড়া বিশ্ববাসীর মনোরঞ্জনের জন্য উপস্থিত থাকবেন খ্যাতনামা মিউজ়িক আইকন রবি উইলিয়ামস।
উদ্বোধনী ম্যাচে রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব। বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি দেশ। খেলা হবে রাশিয়ার ১২টি স্টেডিয়ামে। ফুটবল মহাযজ্ঞে গোটা প্রতিযোগিতার আয়োজন করতে রাশিয়ার খরচ হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় ৮১,৪৮৬ কোটি টাকা।
বিশ্বকাপের ম্যাচবলের নাম টোলস্টার ১৮। ১৯৭০ সালে বিশ্বকাপ ফুটবলের ম্যাচবলের নাম ছিল টোলস্টার। ২০১৮ তে ফিরে আসছে তার নবতম সংস্করণ। বিশ্বকাপের ম্যাসকট জ়াবিভাকা। এটি রাশিয়ান শব্দ। যার অর্থ গোল করেন যিনি।
রাশিয়া বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছে ৩২টি দেশ। ৮টি গ্রুপে ৩২টি দেশকে রাখা হয়েছে। প্রত্যেক গ্রুপে আছে চারটি করে দল। পয়েন্টের বিচারে প্রত্যেক গ্রুপের প্রথম দুই দল যাবে নকআউট স্টেজে।
গতবার ব্রাজ়িল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় জার্মানি। তারা ফাইনালে ১-০ গোলে হারায় মেসির আর্জেন্টিনাকে। এবার কি নতুন কোনও দল চ্যাম্পিয়ন হতে পারবে ? অপেক্ষার শুরু।

No comments:
Post a Comment