অ্যাম্বুলেন্সের গায়ে লেখা গ্লান যান। আর তাতেই বেজায় রাগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।বুধবার কলকাতা পুলিশ ডেভেলপমেন্ট অথরিটির হাতে তুলে দেওয়া হয় ৪১টি অ্যাম্বুলেন্স ও ২৫টি লাইফ সেভিং ক্রিটিকাল কেয়ার অ্যাম্বুলেন্স। এরপরই তৈরি হয় বিতর্ক।
যদিও অনেক চালু ইংরাজি শব্দের বাংলা প্রতিশব্দের মতো অধিকাংশ মানুষের কাছে এই শব্দটিও অজানা। রাজ্যসভার সাংসদদের তহবিলের টাকায় কেনা নতুন ৬৬টি অ্যাম্বুলেন্সের পিছনে বসানো হয়েছে সেই বাংলা প্রতিশব্দ। আজ নবান্ন থেকে উদ্বোধন করার সময় সব অ্যাম্বুলেন্সের পিছনে গ্লান যান লেখা দেখে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এমন অপ্রচলিত নাম কেন অ্যাম্বুলেন্সের গায়ে লেখা হল উপস্থিত আমলাদের কাছে জানতে চান। তাঁদের মধ্যে কেউ কেউ মুখ্যমন্ত্রীকে বিষয়টি সম্পর্কে বলতে চাইলেও তিনি তাতে কর্ণপাত করেননি বলেই নবান্ন সূত্রে জানা গেছে। এরপরই তড়িঘড়ি অ্যাম্বুলেন্সগুলির পিছন থেকে গ্লান যান লেখা মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এদিন উদ্বোধনের পরই ওই অ্যাম্বুলেন্সের অনেকগুলি জেলাগুলির উদ্দেশে রওনা হয়ে গেছে।

No comments:
Post a Comment