জামাইষষ্ঠীর বিকেলে হঠাৎ সুখবর এল রাজ্য সরকারি কর্মচারীদের কাছে। তাঁদের জন্য আরও ১৮ শতাংশ বাড়তি মহার্ঘভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এই বাড়তি ভাতা কার্যকর হবে। একই সঙ্গে তাঁরা ১০ শতাংশ ইন্টারিম রিলিফ পাবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্য সরকারি কর্মচারীদের কাছে আমাদের প্রতিশ্রুতি ছিল। তাই কঠিন অর্থনৈতিক অবস্থা সত্ত্বেও ঠিক করেছি ওদের আর ১৮ শতাংশ ডিএ ছেড়ে দেওয়া হবে। শিক্ষক-অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত এবং পৌরসভার কর্মীরাও এই বাড়তি মহার্ঘভাতা পাবেন। আগের বাম সরকার কর্মীদের ৩৫ শতাংশ মহার্ঘভাতা দিতে পেরেছিল। আমাদের এই সরকার কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁদের ৯০ শতাংশ মহার্ঘভাতা দিচ্ছে।"
অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করেন, বাড়তি ১৮ শতাংশ মহার্ঘভাতা এবং ১০ শতাংশ ইন্টারিম রিলিফ মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা আগামী জানুয়ারি মাস থেকে ২৫ শতাংশ মহার্ঘভাতার সমতুল ভাতা পাবেন। বাড়তি মহার্ঘভাতার টাকার যোগান দিতে প্রতিবছর রাজ্যের কোষাগার থেকে পাঁচ হাজার কোটি টাকা বাড়তি খরচ হবে।

No comments:
Post a Comment