কলকাতা পুলিশে জাভেদ শামিম! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 June 2018

কলকাতা পুলিশে জাভেদ শামিম!







কলকাতা, ৫ জুন : আসানসোলের গোষ্ঠীসংঘর্ষ হোক বা পাহাড় সমস্যা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখনই কপালে ভাঁজ পড়েছে নবান্নর, তখনই "মুশকিল আসান" হিসেবে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সমস্যাদীর্ণ এলাকায় বিগড়ে যাওয়া পরিস্থিতি সাফল্যের সঙ্গে সামলেছেন জাভেদ শামিম। অথচ সমস্যা মিটলেই তাঁকে কম গুরুত্বের পদে পাঠানো হয় বলে অভিযোগ। এবার আর কম গুরুত্বের পদ নয়। দক্ষ IPS হিসেবে পরিচিত জাভেদ শামিমকে ফের নিয়ে আসা হল কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ পদে। পাশাপাশি সাইবার ক্রাইমের ঘটনা বেড়ে চলায় কলকাতা পুলিশে তৈরি করা হল নতুন DC-র পদ। নদিয়ার SP সন্তোষ পান্ডেকে বদলি করে নিয়ে আসা হল কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের DC-র পদে। গতকাল নবান্নে স্বরাষ্ট্র দপ্তর থেকে ১৩ জন IPS-কে বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়। তার মধ্যে রয়েছেন জাভেদ শামিম।






বাম আমলে জেলার পুলিশকর্তা হিসেবে ভালো কাজের জন্য জাভেদ শামিমকে আনা হয়েছিল কলকাতা পুলিশে। DC ট্র্যাফিক হিসেবে কলকাতার ট্র্যাফিক ব্যবস্থা তিনি ঢেলে সাজিয়েছিলেন। একাধিক রাস্তায় ওয়ান ওয়ে ট্র্যাফিক চালু করে, শহরের যানজট সমস্যা মিটিয়েছিলেন অনেকটাই। আবার DC সাউথ হিসেবেও তাঁর কাজ ছিল উল্লেখযোগ্য। জাভেদের কর্মদক্ষতার জন্য তাঁকে DCDD-র দায়িত্ব দেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেখান থেকে DC হেডকোয়ার্টার, জয়েন্ট CP হেডকোয়ার্টার হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর প্রতি আস্থা রাখেন। অভিযোগ, পার্কস্ট্রিট গণধর্ষণের ঘটনার সময়েই আর এক IPS অফিসার দময়ন্তী সেনের সঙ্গে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষে পড়েন জাভেদ। অবশ্য তারপরও তাঁকে বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার করা হয়।


২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় জাভেদ শামিমই কড়া হাতে বিধাননগরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছিলেন। পুলিশের একাংশের বক্তব্য, শাসক হোক বা বিরোধী কোনও দলের দুষ্কৃতীদেরই রেয়াত করেননি তিনি। সেজন্য নির্বাচন কমিশন ও বিধাননগরবাসীর প্রশংসা পেয়েছিলেন জাভেদ। অভিযোগ, এই কাজ করে তিনি চক্ষুশূল হয়েছিলেন রাজ্য সরকারের। তাঁকে বদলি করা হয় কম গুরুত্বপূর্ণ ইকনমিক অফেন্সেস উইংয়ে। পরে তাঁকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের IG করা হয়। কিন্তু যখনই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে এলাকায় সমস্যা হয়েছে, নবান্ন সেখানেই পাঠিয়েছে জাভেদকে। পাহাড়ের অশান্ত পরিস্থিতিতে হুমায়ুন কবির, সিদ্ধিনাথ গুপ্তা, অজয় নন্দার পাশাপাশি পাঠানো হয় তাঁকেও। বিমল গুরুংদের আন্দোলন দমন করে পাহাড়ে শান্তি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাভেদ।



রামনবমীকে কেন্দ্র করে আসানসোলে গোষ্ঠীসংঘর্ষের ঘটনাতেও ডাক পড়ে জাভেদের। ফের দক্ষতার পরিচয় দেন তিনি। আসানসোলে শান্তি ফেরাতে উল্লেখযোগ্য ভূমিকা নেন। সূত্রের খবর, তাঁর কাজে খুশি নবান্ন। তাই, গতকাল পুলিশের বদলির যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে উত্তরবঙ্গের IG( ট্র্যাফিক) থেকে তাঁকে আনা হয়েছে কলকাতা পুলিশে। লালবাজারে অতিরিক্ত পুলিশ কমিশনার ২ এর দায়িত্ব পেয়েছেন তিনি।

পাশাপাশি দক্ষ পুলিশ অফিসার হিসেবে পরিচিত সন্তোষ পান্ডেকে আনা হয়েছে কলকাতা পুলিশের DC সাইবার ক্রাইমের নয়া পদে।

গতকাল মোট ১৩ জন IPS অফিসারকে বদলি করা হয়েছে। তার মধ্যে রয়েছেন ৫ জেলার পুলিশ সুপার। এই ৫টি জেলা হল পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দিনাজপুর, বীরভূম ও আলিপুরদুয়ার। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কুণাল আগরওয়ালকে বীরভূমের পুলিশ সুপার করা হয়েছে। আর পূর্ব বর্ধমানের নতুন SP হচ্ছেন ভাস্কর মুখার্জি। DC ইস্ট থেকে রূপেশ কুমারকে নদিয়ার পুলিশ সুপার করা হয়েছে। সুনীল কুমার যাদবকে আলিপুরদুয়ারের নতুন SP করা হয়েছে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার হয়েছেন অনুপ জয়সওয়াল। 

No comments:

Post a Comment

Post Top Ad