কলকাতা, ৫ জুন : তোলাবাজির অভিযোগে কসবায় এক পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি চালানো হল। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম প্রদীপ কুমার দে। তাঁর যে বাড়িতে তল্লাশি চালানো হয় সেটি রাজাডাঙা মেন রোডে অবস্থিত। কলকাতা পুলিশের অ্যান্টি রাওডি স্কয়্যাড ও কসবা পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। প্রদীপবাবুর বাড়ি থেকে নগদ টাকা ও বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রদীপবাবু দার্জিলিং জেলা পুলিশের DIB (ডিস্ট্রিক্ট ইনটেলিজেন্স বুরো) পদে কর্মরত। পুলিশ সূত্রেই জানা গেছে, সম্প্রতি প্রদীপবাবুর বিরুদ্ধে কলকাতা পুলিশে একটি তোলাবাজির অভিযোগ জমা পড়ে। যদিও অভিযোগকারী কে তা জানানো হয়নি। তবে শুধু কলকাতা নয়, প্রদীপবাবুর বিরুদ্ধে জলপাইগুড়ি ও কোচবিহার জেলার একাধিক জায়গায় তোলাবাজির অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে খবর, কসবার এই বাড়িটিতে প্রদীপবাবু নিয়মিত থাকেন না। তল্লাশির পর বাড়িটি সিল করা রয়েছে। এলাকাবাসীরা জানান, প্রদীপবাবু মাঝেমধ্যে এই বাড়িতে এলেও এলাকার কারও সঙ্গে বিশেষ কথাবার্তা বলেন না। তাঁর সম্পর্কে বিশেষ কিছু জানেন না তাঁরা।

No comments:
Post a Comment