শিল্প আনতে চিন চললেন মমতা ব্যানার্জী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 22 June 2018

শিল্প আনতে চিন চললেন মমতা ব্যানার্জী!


ফের বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর গন্তব্য চিন। দীর্ঘদিন পরে এরাজ‍্যের কোনও মুখ্যমন্ত্রী কমিউনিস্ট চিন সফরে যাচ্ছেন। তাই এই সফরকে কেন্দ্র করে আগ্রহ রয়েছে বিভিন্ন মহলের। অন্যদিকে, চিনের সঙ্গে দেশের বিদেশমন্ত্রকের সাম্প্রতিক টানাপোড়েনের নিরিখেও এই সফরের দিকে নজর রাখছে কেন্দ্রীয় সরকার। তবে মুখ্যমন্ত্রীর এই সফর মূলত বিনিয়োগ টানার লক্ষ্যে, এমনই জানাচ্ছে নবান্ন।

নবান্ন সূত্রে খবর, আজ রাত এগারোটা পঞ্চাশের বিমানে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে যাবেন অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব মলয় দে। এছাড়া মুখ্যমন্ত্রীর এই চিন সফরে অর্থ, শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প সহ বেশ কয়েকটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিরাও যাবেন। সফরসঙ্গী হিসেবে থাকবেন এ রাজ্যের বেশকিছু শিল্পপতিও।
জানা গেছে, ২৩ থেকে ২৭ জুন পর্যন্ত মুখ্যমন্ত্রী বেজিংয়ে থাকবেন। এই চার দিন বেজিংয়ে থাকাকালীন একগুচ্ছ পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। চিনের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সেদেশের শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী। চিনের শিল্পপতিদের কাছে পাওয়ার পয়েন্ট প্রেজ়েন্টেশনের মাধ্যমে রাজ্যের শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ সম্বন্ধে তথ্য তুলে ধরা হবে। রাজ্যে কুড়িটি প্রকল্পের সঙ্গে যুক্ত চিন। আলোচনা হতে পারে সেই প্রকল্পগুলো নিয়েও। এছাড়া বেশ কয়েকটি মউ স্বাক্ষর হওয়ার সম্ভাবনাও রয়েছে।

২৭ তারিখ বেজিং থেকে ট্রেনে করে সাংহাই যাবেন মুখ্যমন্ত্রী এবং তাঁর প্রতিনিধি দল। সাংহাইতে তাঁরা থাকবেন ৩০ তারিখ পর্যন্ত। এই শহরেও একইরকমভাবে শিল্পপতিদের সঙ্গে কথা বলবে রাজ্যের প্রতিনিধি দল। সাংহাই শহরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন চিনের কুনমিং শহরের মেয়র। ৩০ তারিখ সিঙ্গাপুর হয়ে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

এর আগেও মুখ্যমন্ত্রীর চিন সফরের কথা ছিল। কিন্তু সেবার বাধ সাধে কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চিনের সঙ্গে ভারতের অম্ল-মধুর সম্পর্কের কারণেই বিদেশমন্ত্রকের কিছু ছুঁতমার্গ রয়েছে। গতবছর ডোকালাম বিতর্কের পর দুই দেশের সম্পর্কের অবনতি হয়। পরে অবশ্য দুই দেশের তরফেই ক্ষত মেরামত হয়েছে অনেকটাই। তবে সম্পর্কের শীতলতা যে পুরোপুরি কেটেছে, তা নয়। এই পরিস্থিতে এ রাজ্যের প্রশাসনিক প্রধানের চিন সফরের দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। আবার বিগত বিদেশ সফরগুলি থেকে কোনও শিল্প আনতে পারেনি রাজ্য সরকার। অভিযোগ এমনই। তা নিয়ে মাঝেমধ্যেই কটাক্ষ করে বিরোধী দলগুলি। এবারের সফরে টিম মমতা সফল হয় কি না, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

No comments:

Post a Comment

Post Top Ad