শেষ পর্যন্ত বিশাল এক বিপর্যয় থেকে রক্ষা পেল সুইজারল্যান্ড জাতীয় দল। সার্বিয়ার বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জয় পায় সুইজারল্যান্ড। ওই ম্যাচে সুইসদের হয়ে গোল করেন জাদরান শাকিরি এবং গ্রানিত জাকা।
তবে গোল করার পর তাদের উদযাপনের ভঙ্গি নিয়ে শুরু হয় তুমুল হইচই। গোল করার পর আলবেনিয়ান প্রতীক ‘জোড়া ঈগল’ স্টাইলে উদযাপন করে তারা। মূলতঃ জন্মসূত্রে জাকা আর শাকিরি দু’জনই আলবেনিয়ান। সার্বিয়া থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, রাজনৈতিকভাবে সার্বিয়াকে হেয় করতেই জাকা-শাকিরি এ ধরনের গোল উদযাপন করেন।
ফিফাও এই অভিযোগকে বেশ গুরুত্বের সাথেই নেয়। ফিফার ডিসিপ্লিনারি কমিটি আলাদা বৈঠকও করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সেখানে আবার সুইজারল্যান্ডের আরেক খেলোয়াড় স্টিফেন লিচস্টেইনারের নামও উঠে আসে এমন উদযাপন করায়।
তবে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার খবর বের হলেও অবশেষে শুধুমাত্র জরিমানা করেই ছেড়ে দেওয়া হল এই তিন সুইস তারকাকে। শাকিরি আর জাকাকে ৮,৬৭০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা) এবং সুইস অধিনায়ক লিচস্টেইনারকে ৪৩৩০ ইউরো (প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা) জরিমানা করে ফিফার এই ডিসিপ্লিনারি কমিটি। এছাড়াও এই তিন খেলোয়াড় চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছে ফিফা। এরপরও এমন কোনো আচরণ করলে, নিষিদ্ধ হতে হবে তাদের।

No comments:
Post a Comment