জনসম্পর্ক অভিযান কর্মসূচিতে শুক্রবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি গেলেন বিজেপি নেতা রাহুল সিনহা। ৫ মিনিট তিনি সেখানে ছিলেন। বেরিয়ে রাহুলবাবু বলেন, "উনি জানিয়েছেন, নোট বাতিলের সময় ওনার কষ্ট হয়েছে।" কেন্দ্রীয় সরকারের চার বছর পূর্তি উপলক্ষ্যে কাজের খতিয়ান নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের কাছে যাচ্ছেন বিজেপি নেতারা। সেইমতো এদিন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যান রাহুল সিনহা। তাঁর হাতে তুলে দেন কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান সংক্রান্ত একটি পুস্তিকা।
বৈঠক সেরে বেরিয়ে রাহুলবাবু সাংবাদিকদের বলেন, “ওনার সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে। আমি মোদিজির ৪ বছরের কাজের খতিয়ানের একটি বই তুলে দিয়েছি। উনি পড়ে মতামত দেবেন। নোট বাতিলের সময় উনি কষ্ট পেয়েছিলেন। আচমকা হয়েছিল তাই কষ্ট পেয়েছিলেন। বাকি কাজের প্রশংসা করেছেন।”
এরপর তিনি বলেন, “আমি পরামর্শ চেয়েছিলাম কেন্দ্রীয় সরকার আর কী কী কাজ করতে পারে। কিন্তু উনি পারিবারিক কাজে ব্যস্ত আছেন। বলেছেন, পরে ভাবনাচিন্তা করে জানাবেন।”

No comments:
Post a Comment