বিদেশ থেকে মাদকের আমদানি রুখতে নতুন আইন আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। আজ সল্টলেকে CISF-এর ক্যাম্পে সাংবাদিক বৈঠকে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির।
ড্রাগ সমস্যা রুখতে আজ CRPF আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে সীমান্ত দিয়ে মাদক পাচার নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তিনি বলেন, “আন্তর্জাতিক মাদক পাচার রুখতে নতুন আইন আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। বর্তমান আইনগুলি সংশোধন প্রয়োজন। নেপাল, বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত দিয়ে মাদক এদেশে প্রবেশ করে। মায়ানমার সীমান্ত দিয়ে মাদক পাচারের পরিমাণটা বেশি। ট্যাবলেট, তরল ও কঠিন আকারে আসছে এই মাদক। নারকোটিক কন্ট্রোল বিউরোকে আরও বেশি দায়িত্ব দেওয়া হয়েছে।”
রাজ্যে যেখানে মাদকের চাষ হয় সেখানেও চাষ রুখতে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার। তিনি জানান, মালদা, মুর্শিদাবাদ সহ যেসব জায়গায় মাদকের চাষ হয় সেখানে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। নারকোটিক কন্ট্রোল বিউরো যেখানে নিরাপত্তাজনিত সমস্যার মুখোমুখি হবে সেখানে BSF ও স্থানীয় পুলিশ যৌথভাবে কাজ করবে।

No comments:
Post a Comment