ছেলে ও বৌমার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন এক বৃদ্ধা। জলপাইগুড়ি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নিউটাউনপাড়ার ঘটনা। বৃদ্ধার নাম সিদ্ধেশ্বরী ঘোষ (৮৫)।বুধবার সকালে তিনি ছেলে দিলীপ ঘোষ ও বউমা সোমা ঘোষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা।
সিদ্ধেশ্বরীদেবীর ছেলে দিলীপ কাজের সূত্রে শিলিগুড়িতে থাকেন। বৃদ্ধার অভিযোগ, ছেলের অনুপস্থিতিতে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হেনস্থা করে। খেতে চাইলে খারাপ কথা শোনায়। প্রতিবাদ করলে মারধর করে। সিদ্ধেশ্বরীদেবী আরও বলেন, “প্রথম পক্ষের বউ মারা যাওয়ার পর ছেলে দ্বিতীয় বিয়ে করেছে। এই বউমা খুব খারাপ। আমাকে পায়ের তলায় পিষে মারবে বলে হুমকি দিয়েছে। আমাকে রোজই মারে। মার খেয়ে আমার হাতে রক্ত জমাট বেঁধে গেছে। খেতে চাইলে খেতে দেয় না। ভাত চাইলে বলে রেললাইনে গিয়ে মাথা দাও। উনুনের ছাই খেয়ে নাও। চারবছর ধরে অত্যাচার করছে।” সিদ্ধেশ্বরীদেবী বলেন, “ছেলে আমাকে মারে না কিন্তু, খারাপ কথা শোনায়।”
আজ সকালে স্থানীয় বাসিন্দা তথা জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বসুর বাড়িতে যান ওই বৃদ্ধা। সেসময় মোহন বসুর ভাই উত্তম বোস বৃদ্ধাকে বাড়িতে ডেকে সব কথা শোনেন। এরপর বৃদ্ধাকে সঙ্গে করে তিনি জলপাইগুড়ি থানায় নিয়ে আসেন। উত্তমবাবু বলেন, “আজ সকালে আমার বাড়িতে ওই বৃদ্ধা আসেন। তিনি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আসেন। আমি বৃদ্ধার কাছ থেকে সব ঘটনা শুনে তাঁকে থানায় নিয়ে আসি। বৃদ্ধাকে খেতে দেয় না বলে অভিযোগ। এমন ঘটনা ঘটেই চলেছে।”

No comments:
Post a Comment