সব ঠিক থাকলে রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে অমরেন্দ্র কুমার সিং-কে। নবান্ন সূত্রে এই খবর পাওয়া গেছে। সূত্রের খবর, তাঁর জায়গায় বসছেন পঞ্চায়েত দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে কর্মরত সৌরভ দাস। তবে এখনই অবসর নেবেন না অমরেন্দ্র সিং। তাঁকে অন্য কোনও দপ্তরের অ্যাডভাইজরি অফিসার পদে হতে পারে।
২০১৫ সালের ১৪ অক্টোবর রাজ্য নির্বাচন কমিশনারের পদে যোগ দেন অমরেন্দ্র কুমার সিং। তখন তাঁর বয়স ছিল ৬১। রাজ্য নির্বাচন কমিশনারের পদে কোনও ব্যক্তি থাকতে পারবেন ৬ বছর। অথবা কোনও ব্যক্তি ৬৫ বছর বয়স পর্যন্ত থাকতে পারেন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য দায়িত্বে। আগামী বছর মে মাসে অমরেন্দ্র সিং এর ৬৫ বছর পূর্ণ হচ্ছে। সেক্ষেত্রে আগামী বছর মে মাসে পরিবর্তন করতে হত নির্বাচন কমিশনার। কিন্তু, তার আগেই পরিবর্তন করা হতে পারে এই পদটিতে। কিন্তু কেন ? সেবিষয়ে জানা যায়নি।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে অমরেন্দ্র নাথ সিংকে ঘিরে তৈরি হয় প্রচুর বিতর্ক। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে তাঁর বিরুদ্ধে। কোনও কোনও ক্ষেত্রে, নবান্নও অমরেন্দ্রর ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হয় বলে সূত্রের খবর। তাছাড়া শারীরিকভাবেও অসুস্থ তিনি। নির্বাচন কমিশনের একটি সূত্র জানাচ্ছে, বিভিন্ন সময়ে পঞ্চায়েত নির্বাচনের গুরুত্বপূর্ণ বহু কাজ ফেলে তাঁকে দৌড়াতে হয়েছিল চিকিৎসকের কাছে। এই পরিস্থিতিতে তাঁকে সরিয়ে সৌরভকে নিয়োগ করার কথা ভাবা হচ্ছে।
সৌরভ দাস পঞ্চায়েত দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি পদে ছিলেন। পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব তাঁর উপর দেওয়া ছিল বলে জানা গেছে। তাঁকে নিয়োগ করা হলে ২০২৩ সাল পর্যন্ত কাজ চালাতে পারবেন।

No comments:
Post a Comment