ত্রিপুরায় ২ সাংবাদিক খুনের তদন্তভার নিয়েছে সিবিআই। শুক্রবার মহাকরণে সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।তিনি বলেন, আমরা দুটি মামলাই সিবিআই-র কাছে পাঠিয়েছিলাম। খুশি যে তারা তদন্তভার গ্রহণ করেছে। মৃত ২ সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিকের পরিবার বিচার পাবে বলে তিনি আশ্বাস দেন।
গতবছরের ২০ সেপ্টেম্বর খুন হন শান্তনু ভৌমিক। তিনি ত্রিপুরার একটি কেবল চ্যানেলে কর্মরত ছিলেন। আর ২১ নভেম্বর খুন হন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। ওই দুই খুনের তদন্তভার সিবিআই-র হাতে দেওয়ার দাবি তুলেছিলেন সাংবাদিকরা।
শুক্রবার সাংবাদিক বৈঠকে সেকথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, "দুই সাংবাদিক খুনের তদন্তভার সিবিআই-র হাতে তুলে দেওয়ার জন্য তৎকালীন বামফ্রন্ট সরকারকে আমরাও বলেছিলাম। কিন্তু, বিগত সরকার সেই দাবি মানেনি। বিধানসভা নির্বাচনের আগে আমরা জানিয়েছিলাম ক্ষমতায় এলে সাংবাদিক খুনের তদন্তভার সিবিআই-র হাতে তুলে দেব।" ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিপ্লব কুমার দেব জানান। তারপরই তদন্তভার গ্রহণের জন্য সিবিআই-কে অনুরোধ করা হয়। তদন্তভার গ্রহণের বিজ্ঞপ্তি সিবিআই জারি করেছে বলে তিনি জানান।

No comments:
Post a Comment