দুলাল, ত্রিলোচন খুনের প্রলেপ দিতেই কি দিলীপ ঘোষ বলরামপুরে?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 11 June 2018

দুলাল, ত্রিলোচন খুনের প্রলেপ দিতেই কি দিলীপ ঘোষ বলরামপুরে??



দুই দলীয় কর্মীর মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে শনিবার থেকে বলরামপুরের সরাই ময়দানে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিজেপি । সোমবার সেই সমাবেশে যোগ দিতে পুরুলিয়া যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মৃত দুলাল কুমার ও ত্রিলোচন মাহাতোর বাড়ি যাবেন দিলীপবাবু। কথা বলবেন পরিবারের সদস্যদের সঙ্গে।

কয়েকদিন আগে পুরুলিয়ার বলরামপুর থানার সুপুরডি গ্রাম ও ডাভা গ্রাম থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো ও দুলাল কুমারের ঝুলন্ত দেহ। প্রথম থেকেই বিজেপি-র অভিযোগ, তাদের দুই কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করে বিজেপি। পুরুলিয়া শহরে জেলাশাসকের দপ্তরের সামনে এই দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করে তারা। শনিবার থেকে শহর ছেড়ে বলরামপুরের সরাই ময়দানে বিক্ষোভ সমাবেশ শুরু করে বিজেপি। বিক্ষোভ সমাবেশে রোজই হাজির থাকছেন বিজেপি-র কোনও না কোনও রাজ্য নেতা। সামিল হয়েছেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। ত্রিলোচন ও দুলালের বাড়িতে গিয়েছিলেন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও।

বিজেপি সূত্রে খবর, দলের অন্য নেতা-নেত্রীরা এলেও রাজ্য সভাপতি না আসায় বলরামপুরের স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভে প্রলেপ দিতেই কি দিলীপ ঘোষ বলরামপুর যাচ্ছেন ?

সোমবার পুরুলিয়া পৌঁছেই দিলীপবাবু প্রথমে ত্রিলোচন মাহাত ও দুলাল কুমারের বাড়ি যাবেন। এরপর বলরামপুরে চলা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে তিনি অংশ নেবেন। পুরুলিয়ায় একটি জনসভায় বক্তব্য রাখবেন। জানা গেছে, জেলার নেতা-কর্মীদের সঙ্গে আগামী কর্মসূচি নিয়ে কথাও বলবেন। এছাড়া পঞ্চায়েত নির্বাচনে জেলায় যে সব বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন তাঁদের সঙ্গেও মিলিত হবেন। পুরুলিয়া জেলা বিজেপি সভাপতির সঙ্গেও আলাদা করে তিনি বৈঠক করতে পারেন।

এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “ত্রিলোচন মাহাত ও দুলাল কুমারকে খুন করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করতে হবে। তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে হবে। দুটি মৃত্যুর ঘটনায় সিবিআই-কে দিয়ে তদন্ত করতে হবে। এই দাবিতেই কাল আমার পুরুলিয়া সফর।” 

No comments:

Post a Comment

Post Top Ad