পবিত্রমোহন বিশ্বাস : বঙ্গ রাজনীতিতে সিপিএম তথা বামদল ক্রমশ কোনঠাসা হয়ে পড়ছে। সাম্প্রতিক ঘটে যাওয়া পঞ্চায়েত নির্বাচন এবং তার অব্যবহিত পরেই মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামেরা যে ফল করেছে তাতে সে কথাই প্রমাণিত হয়।
এই অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে দরকার আন্দোলন।কেমন হবে সেই আন্দোলনের রূপরেখা? আপাতত পার্টির অস্হিত্ব টিকিয়ে রাখতে দরকার জোরদার আন্দোলন। কোথায় কত আসনে বামেরা জিতবে এই হিসেবনিকেশ আপাতত শিকেয় তোলা থাক!
অনেকাংশেই বামেরা যে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে আলিমুদ্দিনের কর্তারা বিলক্ষণ জানেন। লড়াই সংগ্রামের মধ্য দিয়েই পার্টি টিকে থাকে। দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের পর এই রাজ্যে বামেদের যে ভরাডুবি হয় সম্ভবত অনেক বাম নেতা কর্মী সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি! বামেদের বৃহদাংশ এদিক ওদিক হয়ে গেছে, বাকিরা এখন আর নড়াচড়া করে না। চুপচাপ আছে।
এখনও বামেদের যতটুকু শক্তি আছে সেটুকুকেও কাজে লাগানো যাচ্ছে না। নীতিগত সিদ্ধান্তে এখনও অটল একাংশ কংগ্রেসের সঙ্গে জোটে নারাজ। ইতিমধ্যেই ফরওয়ার্ড ব্লক জানিয়ে দিয়েছে কংগ্রেসের সঙ্গে জোট হলে তারা ফ্রন্ট থেকে বেরিয়ে আসবে। এই ভাবে বিভাজন হলে সমগ্র বামেদের পক্ষে সেটা আত্মঘাতী হওয়ার মতই সিদ্ধান্ত হবে বলেই মনে হয়।
আলিমুদ্দিনের কর্তাদের উচিত নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি করা। পুরনো ধ্যানধারনা পাল্টাতে হবে। পার্টিকে যুগোপযোগী করে তুলতে হলে বস্তাপচা ভাবনা থেকে বেরিয়ে আসা দরকার। পার্টিকে সচল রাখতে হলে লড়াই সংগ্রামের মধ্য দিয়েই চলতে হবে।কারন রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। সেখানে থেমে থাকতে নেই।থামলেই মৃত্যু। যেহেতু এই মুহুর্তে বামেরা কোন আন্দোলনে নেই তাই মহেশতলা উপনির্বাচনে অপেক্ষাকৃত নতুন মুখ দিয়েও ফলাফলের কোন পরিবর্তন হয়নি। বরং বিজেপি ক্রমশ এগিয়ে আসছে।যে হারে তরতরিয়ে বিজেপি বাড়ছে তাতে তৃণমূলের কপালে দুশ্চিন্তায় কালো মেঘ জমতে শুরু করেছে!
বামফ্রন্টের অভিযোগ বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িকতার তাস খেলছে। ধর্মীয় সুড়সুড়ি দেয়। বামেদের যদি টিকে থাকতে হয় তা হলে এই দুই শক্তিতে প্রতিহত করতে হবে।নইলে বামেদের ঠাঁই হবে ইতিহাসের পাতায়।এখন বামেদের আশু কর্তব্য হল নানা ইস্যুতে পথে নেমে আন্দোলন গড়ে তুলতে হবে। চুপচাপ ঘরে বসে থাকলে চলবে না। বামফ্রন্টের উচিত জোট ঐক্যবদ্ধ ও অটুট রাখা। কোন বড় সিদ্ধান্ত গ্রহন করার আগে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করতে হবে।
বামেদের লড়াই সংগ্রামের যে দীর্ঘ ইতিহাস আছে, সেই সংগ্রামের মধ্যে বামেরা নিজেদেরকে আরও একবার সামিল করতে পারলে তবেই এই দশা থেকেই উত্তোরণ সম্ভব।

No comments:
Post a Comment