মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে নাজেহাল সোনারপুরবাসী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে নাজেহাল সোনারপুরবাসী



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে নাজেহাল সোনারপুরবাসী ৷ প্রশাসন ও শাসকদলের মদতেই বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে একের পর এক মাটি খাদান ৷ কোথাও সরকারী মালিকানাধীন জমি আবার কোথাও ব্যাক্তিগত জমিতে চলছে অবৈধভাবে মাটি কাটা ৷ বিঘের পর বিঘে চাষের জমিতে তৈরি হচ্ছে খাদান ৷ এই মাটি গাড়িতে তুলে চলে যাচ্ছে শহরে ৷ রাতের অন্ধকারেই নীচু বা জলা জমি ভরাট হয়ে যাচ্ছে ৷ স্বাভাবিক প্রাকৃতিক বৈচিত্র হারাচ্ছে পরিবেশ ৷

সোনারপুর থানা এলাকার খেয়াদহ ১ ও ২ নম্বর পঞ্চায়েত, কামরাবাদ ২ নম্বর পঞ্চায়েত,  সোনারপুর ২ নম্বর পঞ্চায়েত সহ আরও নানান এলাকায় তৈরি হয়েছে মাটি খাদান ৷ বর্ষাকাল বাদ দিয়ে সারাবছরই চলে মাটি তোলার কাজ ৷ কোথাও হ্যবলা কোথাও আবার ভদাই সামলান এই ব্যবসা ৷ বাড়িতে বসেই এই টাকার ভাগ পেয়ে যান অনেকেই ৷ গাড়ি পিছু মান্থলি সিস্টেম থাকায় চুপ পুলিশও ৷ তাই প্রতিদিন বাড়ছে ব্যবসার বহর ৷ রাস্তার দুরত্বের উপর দাম নির্ভর করে ৷ ছোট গাড়ি এবং কিমি পাঁচেকের মধ্যে হলে লেবার, মাটি গাড়ির খরচা সহ ১ হাজার টাকায় রফা হয় ৷ দিনেরবেলায় তুলনামূলকভাবে কম গাড়ি চললেও রাত বাড়লেই বাড়ে মাটির গাড়ির দাপট ৷ সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত সোনারপুরের বিভিন্ন রাস্তায় শুধু মাটির গাড়ির দাপট ৷ সাধারণ মানুষের অভিযোগ শাসকদল ও পুলিশের মদতেই রমরমিয়ে চলছে এই বেআইনী ব্যবসা ৷ বেপরোয়া গড়ি যাতায়াত শুধু নয়, রাস্তার ধারে মাটি পড়ে থাকলেও মুখ খুলতে পারছেননা এলাকার বাসিন্দারা ৷ বিষয়টি বেআইনী হলেও এই নিয়ে অবশ্য কিছুই জানেননা এলাকার পঞ্চায়েত সদস্য, প্রধান, বিধায়ক এমনকি পুলিশ প্রশাসনও ৷ যদিও বিধায়ক জীবন মুখোপাধ্যায় জানিয়েছেন দলের কেউ জড়িত থাকলে তারা ব্যবস্থা নেবেন ৷ অবিলম্বে এই বেআইনী কাজ বন্ধে পুলিশ ও বিএলআর দপ্তরেও বিষয়টি জানিয়েছেন তিনি ৷

No comments:

Post a Comment

Post Top Ad