লালবাজার থেকে ঢিলছোঁড়া দূরত্বে পুলিশকর্মীকে মারধর করল দুষ্কৃতীরা। গুন্ডাদের দিয়ে তাঁর স্ত্রী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। শুক্রবার রাত ৮টা নাগাদ ডিউটি শেষে ওই পুলিশকর্মী বাড়ি ফিরছিলেন। সেই সময় ঘটনাটি ঘটে। রাস্তার মধ্যেই তাঁকে আটকে মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় জামা। নিজেকে বাঁচাতে দৌড়ে লালবাজারে ঢুকে পড়েন ওই পুলিশকর্মী।
আক্রান্ত পুলিশকর্মীর নাম সৌম্যজিৎ সরকার। তিনি কলকাতা পুলিশের হোমগার্ড। লালবাজারেই কর্মরত। বাড়ি চিৎপুর থানা এলাকায়। এই ঘটনায় বউবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
২০১৬ সালে সৌম্যজিতের সঙ্গে বিয়ে হয় পাণ্ডুয়ার বাসিন্দা সৌরঙ্কির। অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি চলছিল। এর জেরে মার্চে বাড়ি ছেড়ে চলে যান সৌরঙ্কি। তিনি বাপেরবাড়িতেই ছিলেন।
এরপর কাল সন্ধেয় লোকজন নিয়ে এসে আচমকা স্বামীর উপর চড়াও হন বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সৌরঙ্কি। উলটে তাঁর অভিযোগ, স্বামী তাঁকে বাড়িতে ঢুকতে দেন না। তিনি পাণ্ডুয়ায় ছিলেন। এবিষয়ে কিছুই জানেন না।
ঘটনার পর সৌম্যজিতের বন্ধুরা তাঁকে আহত অবস্থায় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে।

No comments:
Post a Comment