অর্ক রায়,মালদা: ঘরে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই পরিবারের বচসার জেরে জখম মা এবং মেয়ে। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে, হরিশ্চন্দ্রপুর থানার ইসলামপুর অঞ্চলের খোপাকাটি গ্রামে। দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হরিশ্চন্দ্রপুর থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম, সোনাভান বিবি(৪২), রুমেলা খাতুন(১৬)।সে ইসলামপুর হাই মাদ্রাসায় দশম শ্রেণীতে পড়াশুনা করে। অভিযুক্ত মোজাম্মেল হোসেন এবং তার ছেলে মোস্তাক হোসেন।
জানা গিয়েছে, সোনাভান বিবির একটি ছাগল ঢুকে পড়ে প্রতিবেশী মোজাম্মেলের ঘরে। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। বচসার জেরে লাঠিসোটা নিয়ে মা এবং মেয়েকে মারধরের অভিযোগ ওঠে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। আহত অবস্থায় দু'জনকেই প্রথমে হরিশচন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। আহত রুমেলা খাতুন জানিয়েছেন, তাদের একটি ছাগল হঠাৎ করে প্রতিবেশী মোজাম্মেলের ঘরে ঢুকে পড়ে। এই নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে মোজাম্মেল হোসেন এবং তার ছেলে মোস্তাক হোসেন। গালিগালাজের প্রতিবাদ করতেই লাঠিসোটা নিয়ে তাদের মারধর করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে হরিশ্চন্দ্রপুর থানায়। তবে কি কারণে মারধরের ঘটনা তা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।


No comments:
Post a Comment